মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ২৬ ফাল্গুন ১৪৩২

ইরান যুদ্ধবিরতিতে আগ্রহী নয়, আগ্রাসনের জবাবের হুঁশিয়ারি

আন্তজাতিক ডেস্ক | প্রকাশিত: ১০ মার্চ ২০২৬, ১৮:২৬

ছবি: সংগৃহীত

ইরান যুদ্ধবিরতির ব্যাপারে মোটেও আগ্রহী নয় বলে জানিয়েছেন দেশটির পার্লামেন্ট স্পিকার মোহাম্মাদ বাঘের গালিবাফ। তিনি বলেছেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে আলোচনা করে যুদ্ধের সমাপ্তি টানার যে প্রস্তাব সামনে এসেছে, তা ইরান প্রত্যাখ্যান করেছে।

মঙ্গলবার (১০ মার্চ) আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

সামাজিক যোগাযোগমাধ্যমে এক বার্তায় গালিবাফ বলেন, ইরান যুদ্ধবিরতির কথা ভাবছে না। বরং আগ্রাসী শক্তিকে এমনভাবে জবাব দিতে হবে, যাতে তারা ভবিষ্যতে আর কখনও ইরানের বিরুদ্ধে আক্রমণের সাহস না পায়।

তিনি আরও বলেন, ‘যুদ্ধ–আলোচনা–যুদ্ধবিরতি এবং আবার যুদ্ধ’—এই ধরনের কৌশল ভাঙতে চায় ইরান। তার অভিযোগ, নিজেদের আধিপত্য বজায় রাখতে ইসরায়েল এ ধরনের কৌশল গ্রহণ করছে।

এদিকে মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে দ্রুত ইরান সংঘাতের অবসানের প্রস্তাব দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

ক্রেমলিনের পররাষ্ট্রনীতি বিষয়ক সহকারী ইউরি উশাকভ এক বিবৃতিতে জানান, সোমবার (৯ মার্চ) ট্রাম্পের সঙ্গে টেলিফোনে আলাপে পুতিন ইরানের সঙ্গে সংঘাত দ্রুত রাজনৈতিক ও কূটনৈতিকভাবে মীমাংসার প্রস্তাব দেন।

সাংবাদিকদের উশাকভ জানান, দুই নেতা ইউক্রেনের চলমান সংঘাত নিয়েও আলোচনা করেছেন। তাদের আশা, সংলাপের মাধ্যমে একটি সমাধানের পথে এগিয়ে যাওয়া সম্ভব হবে।

তিনি বলেন, পুরো আলোচনা অত্যন্ত তাৎপর্যপূর্ণ ছিল। ইরান সংকটের দ্রুত রাজনৈতিক সমাধানের জন্য পুতিন বেশ কিছু ভাবনা তুলে ধরেছেন। এর মধ্যে উপসাগরীয় অঞ্চলের বিভিন্ন দেশের নেতা, ইরানের প্রেসিডেন্টসহ সংশ্লিষ্ট পক্ষগুলোর সঙ্গে যোগাযোগের বিষয়ও অন্তর্ভুক্ত রয়েছে।

উশাকভ আরও জানান, ট্রাম্প যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক অভিযানের বিষয়ে নিজের মূল্যায়ন তুলে ধরেছেন। দুই নেতার মধ্যে গুরুত্বপূর্ণ ও কার্যকর ধারণা বিনিময় হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top