ইরানের হামলার ভয়ে মধ্যপ্রাচ্য ছাড়লেন ৪৩ হাজারের বেশি মার্কিন নাগরিক
আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ১১ মার্চ ২০২৬, ০৯:১৬
ইরানের সঙ্গে সংঘাত শুরুর পর মধ্যপ্রাচ্য অঞ্চল থেকে ৪৩ হাজারের বেশি মার্কিন নাগরিক নিজ দেশে ফিরে গেছেন বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর।
মঙ্গলবার এক ব্রিফিংয়ে পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র টমি পিগট জানান, গত ২৮ ফেব্রুয়ারি সংঘাত শুরু হওয়ার পর থেকেই সেখানে অবস্থানরত নাগরিকদের নিরাপদে ফিরিয়ে আনতে বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে।
তিনি বলেন, এখন পর্যন্ত দেশে ফিরে আসা ব্যক্তিদের মধ্যে প্রায় ৩০ হাজার জনকে সহায়তা করেছে এ উদ্দেশ্যে গঠিত একটি বিশেষ সহায়তা দল।
পররাষ্ট্র দপ্তরের তথ্য অনুযায়ী, মধ্যপ্রাচ্য অঞ্চল থেকে নাগরিকদের সরিয়ে নিতে দুই ডজনের বেশি বিশেষ উড়োজাহাজ পরিচালনা করা হয়েছে। তবে এসব উড়োজাহাজে গড়ে ৪০ শতাংশেরও কম আসন পূর্ণ ছিল। কারণ অনেক মার্কিন নাগরিক বাণিজ্যিক উড়োজাহাজ ব্যবহার করে নিজেদের উদ্যোগেই দেশে ফিরে গেছেন।
এদিকে অঞ্চলটি থেকে বিশেষ উড়োজাহাজ ও স্থলপথে নাগরিকদের সরিয়ে নেওয়ার কার্যক্রম এখনও চালু রয়েছে। যুক্তরাষ্ট্র সরকার জানিয়েছে, প্রয়োজন হলে যেকোনো মার্কিন নাগরিক এ সহায়তার জন্য আবেদন করতে পারবেন।
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।