ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনিকে সমর্থন দিল উত্তর কোরিয়া
আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ১১ মার্চ ২০২৬, ১৫:০৫
ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে মোজতবা খামেনির দায়িত্ব গ্রহণকে আনুষ্ঠানিকভাবে সমর্থন জানিয়েছে উত্তর কোরিয়া। বুধবার দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, পিয়ংইয়ং ইরানি জনগণের এই সিদ্ধান্তকে সম্মান করে এবং মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের কর্মকাণ্ডকে আঞ্চলিক শান্তির জন্য হুমকি হিসেবে দেখছে।
গত ২৮ ফেব্রুয়ারি ইসরাইলের বিমান হামলায় ইরানের দীর্ঘদিনের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হন। এরপর গত রোববার মোজতবা খামেনিকে দেশটির নতুন সর্বোচ্চ নেতা হিসেবে দায়িত্ব দেওয়া হয়।
উত্তর কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র রাষ্ট্রীয় সংবাদমাধ্যমকে বলেন, নিজেদের সর্বোচ্চ নেতা নির্বাচনের ক্ষেত্রে ইরানি জনগণের অধিকার ও সিদ্ধান্তকে তারা সম্মান করে।
একই সঙ্গে তিনি যুক্তরাষ্ট্র ও ইসরাইলের তীব্র সমালোচনা করে বলেন, তাদের কর্মকাণ্ড মধ্যপ্রাচ্যের শান্তি ও নিরাপত্তার ভিত্তিকে দুর্বল করছে এবং বিশ্বব্যাপী অস্থিতিশীলতা বাড়িয়ে তুলছে।
ওই মুখপাত্র আরও বলেন, ইরানের রাজনৈতিক ব্যবস্থা ও ভৌগোলিক অখণ্ডতার ওপর কোনো ধরনের আঘাত গ্রহণযোগ্য নয়। যুক্তরাষ্ট্র ও ইসরাইলের এমন আগ্রাসন আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছেও মেনে নেওয়ার মতো নয় বলে তিনি মন্তব্য করেন।
দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা ও পারমাণবিক কর্মসূচি ঘিরে চাপের মুখে থাকলেও উত্তর কোরিয়া তাদের অবস্থানে অনড় রয়েছে। সাম্প্রতিক সময়ে ওয়াশিংটন ও পিয়ংইয়ংয়ের মধ্যে আবারও উচ্চপর্যায়ের আলোচনা শুরুর চেষ্টা চলছে।
এরই মধ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চলতি বছরে উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সঙ্গে একটি শীর্ষ বৈঠক আয়োজনের আগ্রহ প্রকাশ করেছেন। তবে ইরানের সাম্প্রতিক পরিস্থিতিতে উত্তর কোরিয়ার এই অবস্থান আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে কূটনৈতিক মেরুকরণের ইঙ্গিত দিচ্ছে।
তথ্যসূত্র: এএফপি
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।