মধ্যপ্রাচ্যে উত্তেজনা বৃদ্ধি: মার্কিন ও ইসরায়েলি ব্যাংককে লক্ষ্যবস্তু করার হুমকি ইরানের
আন্তজাতিক ডেস্ক | প্রকাশিত: ১১ মার্চ ২০২৬, ১৭:৩০
তেহরানের উত্তরে একটি ব্যাংকে বিমান হামলার ঘটনায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের আর্থিক প্রতিষ্ঠানের ওপর পাল্টা হামলার হুমকি দিয়েছে ইরানের সামরিক বাহিনী।
বুধবার ইরানের সশস্ত্র বাহিনীর সমন্বিত কমান্ড খাতাম আল-আম্বিয়া কেন্দ্রীয় সদর দপ্তর এক বিবৃতিতে জানায়, তেহরানের একটি ব্যাংকে মঙ্গলবারের বিমান হামলাকে তারা ‘অবৈধ ও অপ্রচলিত যুদ্ধের কাজ’ হিসেবে বিবেচনা করছে।
বিবৃতিতে বলা হয়, হামলায় ব্যাংকের কয়েকজন কর্মী নিহত হয়েছেন। এর প্রতিক্রিয়ায় মধ্যপ্রাচ্য অঞ্চলে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ব্যাংকগুলো সম্ভাব্য লক্ষ্যবস্তু হতে পারে বলে সতর্ক করেছে সংস্থাটি।
একই সঙ্গে বেসামরিক নাগরিকদের যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের অন্তত এক কিলোমিটার দূরে থাকার আহ্বান জানিয়েছে ইরানের সামরিক কর্তৃপক্ষ।
আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম ও ইরান ইন্টারন্যাশনাল সূত্রে এ তথ্য জানা গেছে।
ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের খবরে বলা হয়, তেহরানের উত্তরের ওই আর্থিক প্রতিষ্ঠানে হামলার সময় কর্মীরা ফেব্রুয়ারি মাসের শেষের বেতন বিতরণের প্রস্তুতিতে অতিরিক্ত শিফটে কাজ করছিলেন। এ কারণে বেসামরিক হতাহতের ঘটনায় পরিস্থিতি আরও মর্মান্তিক হয়ে ওঠে।
এদিকে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে সতর্ক করে বলেছেন, হরমুজ প্রণালীতে স্থাপন করা যেকোনো মাইন অবিলম্বে অপসারণ করতে হবে। তা না হলে এর সামরিক পরিণতি এমন পর্যায়ে পৌঁছাতে পারে যা আগে কখনো দেখা যায়নি।
এক সাক্ষাৎকারে তিনি আরও বলেন, ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি শান্তিতে থাকতে পারবেন না। পরিস্থিতি ও শর্তের ওপর নির্ভর করে তেহরানের সঙ্গে আলোচনার সম্ভাবনাও রয়েছে।
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।