বুধবার, ১১ মার্চ ২০২৬, ২৭ ফাল্গুন ১৪৩২

নেতানিয়াহুর ক্ষমার আবেদন নাকচের সুপারিশ ইসরাইলি বিচার মন্ত্রণালয়ের

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ১১ মার্চ ২০২৬, ২০:১৯

সংগৃহীত

দুর্নীতি মামলায় ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর করা ক্ষমার আবেদন মঞ্জুর না করার সুপারিশ করেছে দেশটির বিচার মন্ত্রণালয়ের ক্ষমা বিভাগ। তাদের মতে, নেতানিয়াহুর আবেদনটি প্রয়োজনীয় শর্ত ও নিয়মনীতি পূরণ করতে পারেনি।

হিব্রু গণমাধ্যম ওয়াইনেটের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। বুধবার (১১ মার্চ) সকালে ইসরাইলের বিচার মন্ত্রণালয় জানায়, নেতানিয়াহুর আবেদনের বিষয়ে আইনি অবস্থানপত্র প্রস্তুতের কাজ শেষ হয়েছে। এরপর নথিটি ঐতিহ্য বিষয়ক মন্ত্রী আমিচাই এলিয়াহুর কাছে পাঠানো হয়েছে। বিচারমন্ত্রী ইয়ারিভ লেভিন প্রেসিডেন্ট আইজাক হারজগের কাছে নথিপত্র পাঠানোর প্রশাসনিক দায়িত্ব এলিয়াহুকে দিয়েছেন।

তবে প্রধানমন্ত্রীকে ক্ষমা করার চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা রয়েছে কেবল প্রেসিডেন্টের হাতে। যদিও এই প্রক্রিয়ায় লেভিন বা এলিয়াহুর কোনো সরাসরি সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা নেই, তবে প্রেসিডেন্টের কাছে পাঠানোর আগে তারা নথিটি পর্যালোচনা করতে পারেন।

২০২০ সাল থেকে ঘুষ গ্রহণ, জালিয়াতি ও বিশ্বাসভঙ্গের অভিযোগে নেতানিয়াহুর বিরুদ্ধে বিচার চলছে। প্রতিবেদনে বলা হয়েছে, ক্ষমা বিভাগ মনে করছে—বিচার চলমান অবস্থায় তাকে ক্ষমা করা কঠিন। কারণ তিনি এখনো দোষী সাব্যস্ত হননি এবং ক্ষমার আবেদনে নিজের অপরাধ স্বীকার বা অনুশোচনার কথাও উল্লেখ করেননি।

ইসরাইলের উচ্চ আদালত আগে রায় দিয়েছিল, দোষী সাব্যস্ত হওয়ার আগেও তাত্ত্বিকভাবে ক্ষমা দেওয়া সম্ভব। তবে সেক্ষেত্রে আবেদনকারীকে সংশ্লিষ্ট অপরাধ স্বীকার করতে হয়।

এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নেতানিয়াহুকে ক্ষমা করার জন্য প্রেসিডেন্ট হারজগের ওপর চাপ সৃষ্টি করেছেন বলে জানা গেছে। তবে হারজগ জানিয়েছেন, তিনি কোনো বাহ্যিক প্রভাব ছাড়াই স্বাধীনভাবে এ বিষয়ে সিদ্ধান্ত নেবেন।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top