বৃহঃস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ২৮ ফাল্গুন ১৪৩২

হরমুজ প্রণালিতে থাই জাহাজে হামলা, ইরানের রাষ্ট্রদূতকে তলব

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ১২ মার্চ ২০২৬, ১৪:৩২

সংগৃহীত

হরমুজ প্রণালিতে থাই পতাকাবাহী জাহাজ মায়ুরি নারি-তে হামলার ঘটনায় ইরানের রাষ্ট্রদূতকে তলব করেছে থাইল্যান্ডের পররাষ্ট্র মন্ত্রণালয়।

থাই নিউজ এজেন্সির বরাতে আলজাজিরার খবরে বলা হয়েছে, গতকাল এই হামলার বিষয়ে জানতে রাষ্ট্রদূতকে ডাকা হয়েছে। জাহাজটির পরিচালনাকারী প্রতিষ্ঠান জানিয়েছে, তিনজন নাবিক নিখোঁজ রয়েছেন এবং ধারণা করা হচ্ছে তারা জাহাজের ইঞ্জিন কক্ষে আটকা পড়েছেন।

এর আগে বুধবার রয়টার্স জানিয়েছে, হরমুজ প্রণালিতে তিনটি জাহাজে হামলা হয়েছে। সামুদ্রিক নিরাপত্তা সংস্থা ও স্থানীয় সূত্রগুলো জানিয়েছে, জাহাজগুলোতে ক্ষেপণাস্ত্র বা রকেট হামলা চালানো হয়েছে। এক জাহাজে আগুন লেগে যায়, এবং তখন নাবিকদের নিরাপদে সরিয়ে নিতে হয়েছে।

হামলার মধ্যে মায়ুরি নারি ওমান থেকে প্রায় ১১ নটিক্যাল মাইল উত্তরে ক্ষতিগ্রস্ত হয়। যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশনস (UKMTO) জানিয়েছে, আগুন নিভে গেছে এবং পরিবেশগত কোনো প্রভাব নেই।

সামুদ্রিক নিরাপত্তা সূত্র জানিয়েছে, জাপানের পতাকাবাহী কনটেইনার জাহাজ ‘ওয়ান ম্যাজেস্টি’ সংযুক্ত আরব আমিরাতের রাস আল খাইমাহ থেকে ২৫ নটিক্যাল মাইল উত্তর-পশ্চিমে ক্ষেপণাস্ত্র বা রকেট হামলায় সামান্য ক্ষতিগ্রস্ত হয়েছে। নাবিকরা নিরাপদে আছেন এবং নৌযানটি নিরাপদ স্থানের দিকে যাচ্ছেন।

এছাড়া, দুবাই থেকে প্রায় ৫০ মাইল উত্তর-পশ্চিমে ক্ষেপণাস্ত্র বা রকেট হামলায় তৃতীয় একটি বাল্ক ক্যারিয়ার ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে এই জাহাজের নাবিকরাও নিরাপদে রয়েছেন।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top