বৃহঃস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ২৮ ফাল্গুন ১৪৩২

যুদ্ধ বন্ধে তিন শর্ত ইরানের প্রেসিডেন্টের

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ১২ মার্চ ২০২৬, ১৪:৪৪

ছবি: সংগৃহীত

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান যুদ্ধ বন্ধে তিনটি শর্ত তুলে ধরেছেন। তার শর্তগুলোর মধ্যে রয়েছে- ইরানের অধিকার স্বীকৃতি, যুদ্ধের ক্ষতিপূরণ প্রদান এবং ভবিষ্যতে হামলা ঠেকাতে আন্তর্জাতিক নিশ্চয়তা।

তিনি বলেন, তেহরান আঞ্চলিক শান্তির প্রতি প্রতিশ্রুতিবদ্ধ। তবে ইরানের বৈধ অধিকার স্বীকৃত না হলে এই যুদ্ধের সমাপ্তি সম্ভব নয় বলেও জোর দিয়ে উল্লেখ করেন তিনি।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় মাসুদ পেজেশকিয়ান জানান, তিনি রাশিয়া ও পাকিস্তানের নেতাদের সঙ্গে কথা বলেছেন। সেখানে তিনি ইরানের অবস্থান পুনর্ব্যক্ত করে বলেন, এই সংঘাতের সূচনা করেছে ইহুদিবাদী শাসকগোষ্ঠী ও মার্কিন যুক্তরাষ্ট্র।

এদিকে সংঘাত নিয়ন্ত্রণে কূটনৈতিক তৎপরতা বাড়ছে। রাশিয়া ইরানি নেতৃত্বের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ বজায় রেখে যুদ্ধ বন্ধের আহ্বান জানাচ্ছে।

অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রম্প দাবি করেছেন, ইরানের সঙ্গে চলমান যুদ্ধ দ্রুত শেষ হতে পারে। তার মতে, সেখানে হামলার জন্য প্রায় কিছুই অবশিষ্ট নেই।

এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, তিনি চাইলে যে কোনো সময় এই যুদ্ধ শেষ হয়ে যাবে। তার ভাষায়, যুদ্ধ পরিকল্পনার চেয়েও দ্রুত এগোচ্ছে এবং নির্ধারিত সময়ের আগেই বড় ধরনের ক্ষতি করা হয়েছে।

তবে যুক্তরাষ্ট্র এখনো সামরিক অভিযান শেষ করার নির্দিষ্ট কোনো সময়সীমা ঘোষণা করেনি। পাশাপাশি যুক্তরাষ্ট্র একতরফাভাবে যুদ্ধবিরতির ঘোষণা দিলে তেহরান তা মেনে নেবে কি না, সেটিও স্পষ্ট নয়।

এদিকে ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কার্টজ বলেছেন, এই যুদ্ধ শেষ করার জন্য কোনো নির্দিষ্ট সময়সীমা নেই। তার ভাষায়, প্রয়োজন যতদিন থাকবে ততদিন অভিযান চলবে এবং সব লক্ষ্য পূরণ না হওয়া পর্যন্ত লড়াই থামবে না।

এনএফ৭১/একে



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top