ইসরায়েলের হামলায় ১২ চিকিৎসাকর্মী নিহত
আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ১৪ মার্চ ২০২৬, ১২:৫৪
লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলের ভয়াবহ হামলায় অন্তত ১২ জন চিকিৎসাকর্মী নিহত হয়েছেন। নিহতদের মধ্যে চিকিৎসক, প্যারামেডিক ও নার্স রয়েছেন। তারা সবাই একটি স্বাস্থ্যকেন্দ্রে কর্মরত ছিলেন এবং তাদের সঙ্গে কোনো সামরিক সংশ্লিষ্টতা ছিল না বলে জানিয়েছে লেবাননের স্বাস্থ্য কর্তৃপক্ষ।
শনিবার (১৪ মার্চ) লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে ফরাসি বার্তা সংস্থা এএফপি এবং ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান এ তথ্য জানিয়েছে।
স্বাস্থ্য কর্তৃপক্ষ জানায়, দক্ষিণ লেবাননের সাওয়ানেহ শহরে পৃথক এক হামলায় হিজবুল্লাহ ও তাদের সহযোগী সংগঠন আমাল মুভমেন্ট সংশ্লিষ্ট দুই প্যারামেডিক নিহত হন। এরপর বুর্জ কালাউইয়া শহরের একটি স্বাস্থ্যকেন্দ্র লক্ষ্য করে চালানো আরেক হামলায় অন্তত ১২ জন চিকিৎসাকর্মী নিহত হন।
এদিকে ইরাকের রাজধানী বাগদাদে অবস্থিত মার্কিন দূতাবাসকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার ঘটনা ঘটেছে। হামলার পর দূতাবাস প্রাঙ্গণ থেকে ধোঁয়ার কুণ্ডলী উঠতে দেখা গেছে।
স্থানীয় সময় শনিবার সকালে এই হামলা হয় বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো। দুই ইরাকি নিরাপত্তা কর্মকর্তার বরাতে বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস (এপি) জানায়, একটি ক্ষেপণাস্ত্র বাগদাদের অত্যন্ত সুরক্ষিত গ্রিন জোনে প্রবেশ করে সরাসরি মার্কিন দূতাবাসের সীমানার ভেতরে গিয়ে পড়ে।
গ্রিন জোন এলাকা ইরাকের সরকারি প্রতিষ্ঠান ও বিভিন্ন বিদেশি দূতাবাসের জন্য নির্ধারিত একটি কড়া নিরাপত্তাবেষ্টিত অঞ্চল।
অন্যদিকে একটি নিরাপত্তা সূত্র এএফপিকে জানিয়েছে, দূতাবাসটিকে লক্ষ্য করে একটি ড্রোন হামলাও চালানো হয়। বাগদাদে ইরান-সমর্থিত দুই যোদ্ধা নিহত হওয়ার পরপরই এই পাল্টা হামলার ঘটনা ঘটে বলে ধারণা করা হচ্ছে।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।