শনিবার, ১৪ মার্চ ২০২৬, ৩০ ফাল্গুন ১৪৩২

বাগদাদে মার্কিন দূতাবাসে ড্রোন হামলা, দেখা গেছে ধোঁয়ার কুণ্ডলী

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ১৪ মার্চ ২০২৬, ১৩:০২

সংগৃহীত

ইরাকের রাজধানী বাগদাদে অবস্থিত মার্কিন দূতাবাসকে লক্ষ্য করে ড্রোন হামলার ঘটনা ঘটেছে। শনিবার এ হামলার কথা নিশ্চিত করেছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো।

বার্তা সংস্থা এএফপিকে এক কর্মকর্তা জানান, একটি ড্রোন সরাসরি দূতাবাস প্রাঙ্গণে আঘাত হানে। ইরাকের নিরাপত্তা বাহিনীর একটি সূত্রও কূটনৈতিক মিশনে হামলার ঘটনাটি নিশ্চিত করেছে।

একাধিক সূত্র জানায়, বাগদাদে হামলায় ইরান-সমর্থিত দুই যোদ্ধা নিহত হওয়ার অল্প সময়ের মধ্যেই এই ড্রোন হামলার ঘটনা ঘটে।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা জানিয়েছে, হামলার পর দূতাবাস এলাকা থেকে ধোঁয়া উড়তে দেখা গেছে। অন্যদিকে অ্যাসোসিয়েটেড প্রেস (এপি) ইরাকি কর্মকর্তাদের বরাতে জানিয়েছে, দূতাবাসের ভেতরে থাকা একটি হেলিকপ্টার অবতরণস্থলে (হেলিপ্যাড) ক্ষেপণাস্ত্র আঘাত হানে।

বাগদাদের কঠোর নিরাপত্তাবেষ্টিত গ্রিন জোন এলাকায় অবস্থিত যুক্তরাষ্ট্রের বিশাল দূতাবাস কমপ্লেক্সটি এর আগেও ইরানপন্থী সশস্ত্র গোষ্ঠীগুলোর রকেট ও ড্রোন হামলার লক্ষ্যবস্তু হয়েছে।

তবে এ হামলার বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া জানায়নি বাগদাদে অবস্থিত মার্কিন দূতাবাস।

উল্লেখ্য, এর একদিন আগে শুক্রবার দূতাবাস থেকে ইরাকের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে ‘লেভেল-৪’ সতর্কতা জারি করা হয়েছিল। সেখানে বলা হয়, অতীতে ইরান ও ইরানপন্থী সশস্ত্র গোষ্ঠীগুলো মার্কিন নাগরিক, স্বার্থ ও অবকাঠামোকে লক্ষ্য করে হামলা চালিয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের হামলার আশঙ্কা রয়েছে।

সূত্র: দ্য গার্ডিয়ান, আল-জাজিরা

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top