একযোগে ১০টিরও বেশি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া
আন্তজাতিক ডেস্ক | প্রকাশিত: ১৪ মার্চ ২০২৬, ১৫:১৪
উত্তর কোরিয়া একযোগে ১০টিরও বেশি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পূর্ব সাগরের দিকে নিক্ষেপ করেছে। দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফস অব স্টাফ (জেসিএস) এই তথ্য জানিয়েছে।
জেসিএসের রিপোর্ট অনুযায়ী, আজ (শনিবার) স্থানীয় সময় দুপুর ১টা ২০ মিনিটের দিকে উত্তর কোরিয়ার সুনান এলাকা থেকে ক্ষেপণাস্ত্রগুলো ছোড়া হয়। এ ঘটনায় নজরদারি ও সতর্কতা জোরদার করা হয়েছে। পাশাপাশি যুক্তরাষ্ট্র ও জাপানের সঙ্গে ঘনিষ্ঠভাবে তথ্য ভাগাভাগি করা হচ্ছে এবং প্রস্তুতিমূলক অবস্থান বজায় রাখা হচ্ছে।
জাপানের সরকারি সম্প্রচারমাধ্যম এনএইচকে জানায়, ক্ষেপণাস্ত্রগুলো ইতোমধ্যে সমুদ্রে পতিত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। জাপানের প্রধানমন্ত্রীর অফিসিয়াল এক্স অ্যাকাউন্ট থেকেও বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
উত্তর কোরিয়ার এ নিক্ষেপকে দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রের যৌথ সামরিক মহড়া ‘ফ্রিডম শিল্ড’ (এফএস)-এর প্রতিক্রিয়া হিসেবে দেখা হচ্ছে। মহড়া গত ৯ মার্চ শুরু হয়ে ১৯ মার্চ পর্যন্ত চলার কথা রয়েছে। উত্তর কোরিয়া মহড়াকে ‘আক্রমণাত্মক’ আখ্যা দিয়েছে।
এদিকে কোরিয়ার ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় কমিটির উপ-বিভাগীয় পরিচালক কিম ইয়ো-জং সতর্ক করে বলেন, “শত্রুপক্ষের বাহিনী আমাদের দেশের সার্বভৌম নিরাপত্তা অঞ্চলের কাছে সামরিক উসকানি চালাচ্ছে, যা ভয়াবহ পরিণতির দিকে নিয়ে যেতে পারে।”
সূত্র: চসুন ডেইলি
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।