এলপিজি সিলিন্ডারে অতিরিক্ত দাম, গাইবান্ধায় ব্যবসায়ীকে জরিমানা
আন্তজাতিক ডেস্ক | প্রকাশিত: ৬ এপ্রিল ২০২৬, ০৮:৩৫
ভোক্তা পর্যায়ে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) সিলিন্ডার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে বিক্রি করায় গাইবান্ধায় এক ব্যবসায়ীকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
জানা গেছে, ১২ কেজির একটি এলপিজি সিলিন্ডারের মূল্য ১ হাজার ৭২৮ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। তবে এই নির্ধারিত দামের চেয়ে বেশি নেওয়ার অভিযোগে ‘মেসার্স রুহুল ট্রেডার্স’ নামের একটি প্রতিষ্ঠানকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
রোববার (৫ এপ্রিল) বিকেলে জেলা ভোক্তা অধিদপ্তরের কার্যালয়ে আয়োজিত শুনানি শেষে প্রতিষ্ঠানটির মালিক রুহুল আমিন বাবুর বিরুদ্ধে এই জরিমানা আরোপ করেন সহকারী পরিচালক পরেশ চন্দ্র বর্মন।
অভিযোগে বলা হয়, গত ১ এপ্রিল জেলা স্টেডিয়াম সংলগ্ন ওই প্রতিষ্ঠান থেকে ১২ কেজির একটি এলপিজি সিলিন্ডার ১ হাজার ৮৫০ টাকায় কিনেছিলেন এক সংবাদকর্মী। পরে তিনি ভোক্তা অধিদপ্তরে লিখিত অভিযোগ দায়ের করেন।
শুনানিতে উভয় পক্ষের বক্তব্য ও প্রমাণাদি পর্যালোচনা করে অভিযোগের সত্যতা পাওয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪০ ধারায় জরিমানা করা হয়।
ভোক্তা অধিদপ্তর জানিয়েছে, নির্ধারিত মূল্যের বেশি দামে এলপিজি বিক্রি সম্পূর্ণ বেআইনি এবং এ ধরনের অপরাধের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।
এদিকে রায়ের প্রতি অসন্তোষ প্রকাশ করেছেন অভিযোগকারী। তিনি দাবি করেন, অভিযুক্ত প্রতিষ্ঠানের উপস্থাপিত কাগজপত্র মূল নয় এবং এ সিদ্ধান্তের বিরুদ্ধে উচ্চতর কর্তৃপক্ষের কাছে আপিল করবেন বলে জানিয়েছেন।
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।