যুক্তরাষ্ট্রের প্রতি চরম অনাস্থা নিয়ে আলোচনায় বসছে ইরান: আরাগচি
আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ১১ এপ্রিল ২০২৬, ১৬:২০
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান আলোচনায় ইরান ‘চরম অবিশ্বাস’ নিয়েই অংশ নিচ্ছে। তিনি জার্মানির পররাষ্ট্রমন্ত্রী ইয়োহান ভেডফুলের সঙ্গে এক টেলিফোন সংলাপে তেহরানের এই কঠোর অবস্থান স্পষ্ট করেন।
ইরানি সংবাদমাধ্যম মেহর নিউজ এজেন্সির বরাতে জানা গেছে, আরাগচি জার্মান প্রতিপক্ষকে বলেন, ওয়াশিংটনের অতীত আচরণ এবং বারবার কূটনৈতিক অঙ্গীকার ভঙ্গের কারণে যুক্তরাষ্ট্রের ওপর আস্থা রাখার কোনো সুযোগ নেই।
টেলিফোন আলাপে আব্বাস আরাগচি আরও বলেন, যুক্তরাষ্ট্রের বারবার প্রতিশ্রুতি ভঙ্গ এবং কূটনৈতিক শিষ্টাচার লঙ্ঘনের ইতিহাসের কারণে এই আলোচনায় ইরান গভীর সন্দেহ নিয়েই এগোচ্ছে। তবে তিনি স্পষ্ট করে জানান, দেশের জনগণের স্বার্থ ও অধিকার রক্ষায় ইরান সর্বোচ্চ শক্তি দিয়ে অবস্থান ধরে রাখবে।
আসন্ন শান্তি আলোচনার আগে ইরানের এই কঠোর বার্তা নতুন করে উত্তেজনা তৈরি করেছে। বিশ্লেষকদের মতে, আরাগচির এই বক্তব্য মূলত আলোচনার টেবিলে চাপ তৈরির একটি কৌশল হিসেবে দেখা হচ্ছে।
উল্লেখ্য, পাকিস্তান, মিসর ও তুরস্কের মধ্যস্থতায় ইরান ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদলের মধ্যে উচ্চপর্যায়ের এই বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। মার্কিন প্রতিনিধিদলের নেতৃত্বে থাকছেন ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্স। আলোচনার শুরুতেই ইরানের এই অনাস্থার বার্তা শান্তি প্রক্রিয়ায় কী প্রভাব ফেলে, এখন সেটিই দেখার বিষয়। সূত্র: আল-জাজিরা
এনএফ৭১/একে
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।