শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ২৮ চৈত্র ১৪৩২

ইরানে অস্ত্রের চালান পাঠানোর প্রস্তুতি নিচ্ছে চীন, দাবি মার্কিন গোয়েন্দাদের

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ১১ এপ্রিল ২০২৬, ১৮:৩৫

ছবি: সংগৃহীত

আগামী কয়েক সপ্তাহের মধ্যেই ইরানে নতুন করে অস্ত্রের চালান পাঠানোর প্রস্তুতি নিচ্ছে চীন এমন দাবি করেছে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থাগুলো। শনিবার প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

গোয়েন্দা সূত্রের দাবি, সাম্প্রতিক দুই সপ্তাহের যুদ্ধবিরতির সময়টিকে কাজে লাগিয়ে ইরান বিদেশি মিত্রদের সহায়তায় তাদের নির্দিষ্ট কিছু অস্ত্র পুনরায় মজুত করছে।

একাধিক গোয়েন্দা সূত্র জানিয়েছে, চীন সরাসরি নয়, বরং তৃতীয় কোনো দেশের মাধ্যমে এসব অস্ত্র ইরানে পাঠানোর পরিকল্পনা করছে, যাতে অস্ত্রের উৎস সহজে শনাক্ত করা না যায়।

প্রতিবেদনে বলা হয়েছে, এই চালানের মধ্যে আধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা থাকতে পারে। বিশেষ করে কাঁধ থেকে নিক্ষেপযোগ্য বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্র সরবরাহের চেষ্টা চলছে বলে ধারণা করছে যুক্তরাষ্ট্র।

উল্লেখ্য, অতীতে একই ধরনের ক্ষেপণাস্ত্র ব্যবহার করে যুক্তরাষ্ট্রের একটি যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি রয়েছে ইরানের। ওই ঘটনায় বিমানের দুই ক্রুকে উদ্ধার করতে বড় ধরনের অভিযান চালাতে হয় মার্কিন বাহিনীকে, যেখানে তাদের অতিরিক্ত বিমান ও হেলিকপ্টার ক্ষতিগ্রস্ত হয়েছিল।

তবে এসব অভিযোগ সরাসরি নাকচ করেছে চীন। ওয়াশিংটনে অবস্থিত দেশটির দূতাবাস জানিয়েছে, যুদ্ধরত কোনো দেশের কাছে চীন কখনো অস্ত্র সরবরাহ করে না এবং যুক্তরাষ্ট্রের এই দাবি সম্পূর্ণ ভিত্তিহীন।

চীনের পক্ষ থেকে আরও বলা হয়েছে, একটি দায়িত্বশীল রাষ্ট্র হিসেবে তারা আন্তর্জাতিক দায়িত্ব পালনে প্রতিশ্রুতিবদ্ধ। একই সঙ্গে যুক্তরাষ্ট্রকে উদ্দেশ্যপ্রণোদিত অভিযোগ ও সংবেদনশীল বিষয়ে উত্তেজনা বাড়াতে পারে এমন আচরণ থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে বেইজিং।

চীন আশা প্রকাশ করেছে, সংশ্লিষ্ট পক্ষগুলো উত্তেজনা কমিয়ে পরিস্থিতি স্বাভাবিক করতে আরও উদ্যোগী হবে। সূত্র: সিএনএন

এনএফ৭১/একে



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top