শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ২৮ চৈত্র ১৪৩২

হাম মোকাবেলায় সরকার দ্রুত ও সমন্বিত পদক্ষেপ নিচ্ছে:স্বাস্থ্য সচিব

নিউজ ডেস্ক | প্রকাশিত: ১১ এপ্রিল ২০২৬, ১৭:৫০

সংগৃহীত

দেশে হামের (মিজলস) ক্রমবর্ধমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন স্বাস্থ্য সচিব মো. কামরুজ্জামান চৌধুরী। তিনি জানিয়েছেন, গত কয়েক বছরের টিকাদান কর্মসূচিতে কিছুটা ব্যাঘাত ঘটায় বর্তমানে সংক্রমণ বেড়েছে। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার দ্রুত ও সমন্বিত পদক্ষেপ নিচ্ছে।

শনিবার (১১ এপ্রিল) বিশ্ব পারকিনসন দিবস উপলক্ষে ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্স অ্যান্ড হাসপাতালে আয়োজিত এক সেমিনারে তিনি এসব কথা বলেন।

স্বাস্থ্য সচিব জানান, রোববার (১২ এপ্রিল) থেকে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনসহ চট্টগ্রাম, ময়মনসিংহ ও বরিশালে জরুরি হামের টিকাদান কার্যক্রম শুরু হচ্ছে। দেশে পর্যাপ্ত টিকার মজুত রয়েছে বলেও তিনি নিশ্চিত করেন।

গবেষক ও বিশেষজ্ঞদের পরামর্শ অনুযায়ী, ছয় মাস থেকে ৫৯ মাস বয়সী সব শিশুকে এই বিশেষ টিকাদান কর্মসূচির আওতায় আনা হচ্ছে।

এদিকে স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও চার শিশুর মৃত্যু হয়েছে এবং একই সময়ে ১ হাজার ১৭৭ শিশু হাসপাতালে ভর্তি হয়েছে। একই সময়ে ১৬৮ জনের মধ্যে হাম শনাক্ত হয়েছে।

গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গে মোট ১৪৪ শিশুর মৃত্যু হয়েছে, যার মধ্যে ২৩ জনের ক্ষেত্রে হাম নিশ্চিত হয়েছে। এ সময়ে মোট ২ হাজার ৪০৯ জন শিশু আক্রান্ত হয়েছে এবং সন্দেহভাজন রোগী হিসেবে ৮ হাজার ৯১০ জন হাসপাতালে ভর্তি হয়েছে। এর মধ্যে ৬ হাজার ৬০৯ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছে।

পরিস্থিতি মোকাবিলায় সরকার ইতোমধ্যে উচ্চ ঝুঁকিপূর্ণ ১৮ জেলার ৩০টি উপজেলায় জরুরি টিকাদান কার্যক্রম শুরু করেছে। ১২ এপ্রিল থেকে নির্দিষ্ট সিটি করপোরেশনগুলোতে এবং ২০ এপ্রিল থেকে সারাদেশে একযোগে টিকাদান কার্যক্রম সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশনা অনুযায়ী, পূর্বে টিকা নেওয়া থাকলেও ৬ থেকে ৫৯ মাস বয়সী সব শিশুকে আবারও টিকা দেওয়া যাবে। তবে জ্বর বা গুরুতর অসুস্থ শিশুকে টিকা না দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top