শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ২৮ চৈত্র ১৪৩২

ইরানের জব্দ সম্পদ ছাড়ের গুঞ্জন উড়িয়ে দিল যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ১১ এপ্রিল ২০২৬, ১৯:০৯

ছবি: সংগৃহীত

ইসলামাবাদে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান উচ্চপর্যায়ের শান্তি আলোচনার মধ্যেই ইরানের জব্দকৃত সম্পদ মুক্তির বিষয়ে ছড়িয়ে পড়া গুঞ্জন সরাসরি নাকচ করেছে যুক্তরাষ্ট্র। হোয়াইট হাউসের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন, ইরানের কোনো জব্দ সম্পদ ছাড়ের বিষয়ে ওয়াশিংটন এখনো কোনো সমঝোতায় পৌঁছায়নি।

এর আগে একটি আন্তর্জাতিক বার্তা সংস্থার খবরে বলা হয়েছিল, আলোচনায় নিজেদের আন্তরিকতা দেখাতে কাতারসহ বিভিন্ন বিদেশি ব্যাংকে আটকে থাকা ইরানের সম্পদ ছাড়তে রাজি হয়েছে যুক্তরাষ্ট্র। সেখানে আরও দাবি করা হয়, হরমুজ প্রণালিতে নিরাপদ নৌচলাচল নিশ্চিত করার শর্তেই এই সিদ্ধান্তের বিষয়টি আলোচনায় এসেছে।

উল্লেখ্য, ইরানের সঙ্গে সংশ্লিষ্ট প্রায় ছয়শ কোটি ডলারের সম্পদ ২০১৮ সাল থেকে বিভিন্ন ধাপে স্থগিত রয়েছে। এ নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে যখন নানা আলোচনা ও জল্পনা তৈরি হয়েছে, তখনই যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এমন স্পষ্ট অবস্থান জানানো হলো।

মূলত পাকিস্তানের মধ্যস্থতায় ওয়াশিংটন ও তেহরানের প্রতিনিধিরা একটি স্থায়ী শান্তি চুক্তির লক্ষ্যে আলোচনা চালিয়ে যাচ্ছেন। এর মধ্যেই সম্পদ ছাড়ের মতো স্পর্শকাতর বিষয়ে ভিন্নমুখী তথ্য পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে।

বিশ্লেষকদের মতে, আলোচনার এই সংবেদনশীল সময়ে পরস্পরবিরোধী অবস্থান দুই দেশের মধ্যে আস্থার সংকটকে আবারও সামনে নিয়ে এসেছে। বর্তমানে ইসলামাবাদে অবস্থানরত উভয় পক্ষই চুক্তির মূল শর্ত নির্ধারণে কাজ চালিয়ে যাচ্ছে। সূত্র: আল জাজিরা।

এনএফ৭১/একে



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top