ঝালমুড়ি খেলাম আমি, আর ঝাল লাগল তৃণমূলের: নরেন্দ্র মোদি
আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ২৩ এপ্রিল ২০২৬, ১৮:০৩
ঝাড়খণ্ডের বিধানসভা নির্বাচনের প্রথম দফার ভোটগ্রহণ চলাকালেই রাজ্য সফরে গিয়ে রাজনৈতিক তৎপরতা আরও জোরদার করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
বিবিসির তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার (২৩ এপ্রিল) কৃষ্ণনগরে এক নির্বাচনী জনসভায় বক্তব্য দেন তিনি। সেখানে শাসক দল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে তীব্র সমালোচনা করেন এবং একই সঙ্গে রসিকতাও করেন।
মোদি অভিযোগ করেন, তৃণমূল কংগ্রেসের শাসনামলে অতীতে ভোটের সময় সহিংসতা ও বিশৃঙ্খলার ঘটনা ঘটত। তবে তিনি দাবি করেন, এবার নির্বাচন তুলনামূলকভাবে শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হচ্ছে, যার জন্য তিনি নির্বাচন কমিশনের ভূমিকাকে ধন্যবাদ জানান।
তিনি বলেন, নির্বাচন কমিশনের কার্যকর পদক্ষেপের কারণে পশ্চিমবঙ্গে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ সম্ভব হচ্ছে। এজন্য কমিশনের পাশাপাশি দায়িত্বপ্রাপ্ত সরকারি কর্মকর্তাদেরও তিনি অভিনন্দন জানান।
বক্তব্যের এক পর্যায়ে রাজনৈতিক কটাক্ষের সুরে তিনি বলেন, বিজেপি জিতলে মিষ্টির পাশাপাশি ঝালমুড়িও বিতরণ করা হবে। এরপর রসিকতা করে বলেন, আমি ঝালমুড়ি খেলাম, আর ঝাল লাগল তৃণমূলে।
উল্লেখ্য, কিছুদিন আগে ঝাড়গ্রাম সফরে গিয়ে স্থানীয় এক দোকান থেকে ঝালমুড়ি খেতে দেখা যায় প্রধানমন্ত্রীকে। সেই ঘটনার দৃশ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা নিয়ে বিরোধী দল বিশেষ করে তৃণমূল কংগ্রেস কটাক্ষ করে।
কৃষ্ণনগরের এই জনসভা থেকে সেই সমালোচনারই পাল্টা জবাব দেন তিনি।
আগামী ২৯ এপ্রিল কৃষ্ণনগরসহ সংশ্লিষ্ট আসনগুলোতে ভোটগ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। নির্বাচনের আগে এমন বক্তব্য-পাল্টা বক্তব্যে রাজ্যের রাজনৈতিক উত্তাপ আরও বেড়েছে।
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।