রবিবার, ১ ফেব্রুয়ারি ২০২৬, ১৯ মাঘ ১৪৩২

জামায়াত আমিরের আপত্তিকর পোস্টের প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ ও মিছিল

নিউজ ডেস্ক | প্রকাশিত: ১ ফেব্রুয়ারী ২০২৬, ১৫:১৯

সংগৃহীত

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল রোববার (১ ফেব্রুয়ারি) জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্ট থেকে কর্মজীবী নারীদের নিয়ে প্রকাশিত আপত্তিকর পোস্টের প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে।

বেলা সাড়ে ১১টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিন প্রাঙ্গণ থেকে মিছিল শুরু করে ছাত্রদলের নেতাকর্মীরা ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে অপরাজেয় বাংলায় গিয়ে সমাপ্তি করেন। মিছিলে নেতাকর্মীরা ‘ছাত্রদলের অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন’, ‘নিপীড়কের কালো হাত ভেঙে দাও’, ‘শফিক তুই ক্ষমা চা’, ‘দেশের শক্তি অর্ধেক নারী, শফিক তুই জানিস নাকি?’ ইত্যাদি স্লোগান দেন।

ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বলেন, “জামায়াত আমিরকে অবশ্যই নারীদের কাছে ক্ষমা চাইতে হবে। যদি তা না করেন, আমরা আরও বৃহত্তর কর্মসূচি দিতে বাধ্য হব। এই ধরনের কর্মকাণ্ড শুধু নারী সমাজ নয়, পুরো বাংলাদেশের জন্য হুমকিস্বরূপ।”

সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির বলেন, “অনেকে বলছেন অ্যাকাউন্টটি হ্যাক হয়েছে, আমরা বলছি উনার মাথাই আসলে হ্যাক হয়েছে এবং উনি নিজের মুখোশ উন্মোচন করেছেন। তিনি পূর্বে তিনবার নির্বাচনে অংশ নিয়ে মোট ৪১ হাজার ভোট পেয়েছেন। এখন তিনি ঢাকা-১৫ আসনে ভোটের চেষ্টা করছেন।”

ছাত্রদল কেন্দ্রীয় কমিটির অন্যান্য নেতৃবৃন্দও বক্তব্য দেন। এসময় তারা জামায়াত আমিরের কর্মকাণ্ড ও নারীর অধিকার লঙ্ঘনের বিরুদ্ধে কঠোর বার্তা দেন।

উল্লেখ্য, শনিবার রাতে জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট থেকে কর্মজীবী নারীদের নিয়ে আপত্তিকর একটি পোস্ট প্রকাশিত হয়। পরে তিনি জানান, তার অ্যাকাউন্টটি হ্যাক করা হয়েছিল এবং হ্যাকিংয়ের সময় প্রকাশিত তথ্য সম্পূর্ণ ভুয়া ও মনগড়া।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top