ভোটের মাধ্যমে জনগণ বিএনপিকে ‘লাল কার্ড’ দেখাবে: ঢাবি শিবির সভাপতি
ক্যাম্পাস ডেস্ক | প্রকাশিত: ৩ ফেব্রুয়ারী ২০২৬, ১১:২৯
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জনগণ বিএনপিকে প্রত্যাখ্যান করবে বলে মন্তব্য করেছেন ইসলামী ছাত্রশিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখার সভাপতি ও ডাকসুর এজিএস মু. মহিউদ্দিন খান। তিনি বলেন, ভোটের মাধ্যমে জনগণ বিএনপিকে ‘লাল কার্ড’ দেখাবে।
সোমবার (২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ঢাবি শাখা ছাত্রশিবির আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে এসব কথা বলেন তিনি। চট্টগ্রামের মিরসরাইয়ে সপ্তম শ্রেণির এক ছাত্রীকে ছাত্রদল নেতার দ্বারা গণধর্ষণের অভিযোগ এবং সারাদেশে বিএনপি ও ছাত্রদলের বিরুদ্ধে নারী নির্যাতনের বিভিন্ন ঘটনার প্রতিবাদে এই কর্মসূচির আয়োজন করা হয়।
সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে মহিউদ্দিন খান বলেন, চাঁদাবাজি ও সন্ত্রাসমুক্ত বাংলাদেশ গড়াই তাদের লক্ষ্য। সেই লক্ষ্য সামনে রেখেই তারা জুলাই মাসে রাজপথে নেমেছেন এবং এখনো আন্দোলন চালিয়ে যাচ্ছেন। তিনি দাবি করেন, গত দেড় বছরে বিএনপির অপরাধের তালিকা তুলে ধরতে সাড়ে চারশোরও বেশি পৃষ্ঠার প্রয়োজন হবে।
বিএনপি ও এর অঙ্গসংগঠন ছাত্রদলের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলে ধরে তিনি বলেন, তারা দলবদ্ধভাবে নারী নির্যাতনের প্রতিযোগিতায় নেমেছে। মিডিয়া নিয়ন্ত্রণ ও ব্ল্যাকআউটের মাধ্যমে এসব ঘটনা আড়াল করার চেষ্টা করা হলেও এখন প্রতিটি মানুষই একটি গণমাধ্যম। অপরাধ আর চাপা দেওয়া যাবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি।
দেশবাসীর উদ্দেশে আহ্বান জানিয়ে তিনি বলেন, যাদের হাতে মা-বোনদের নিরাপত্তা নেই, তাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে। তার দাবি, আগামী নির্বাচনে জনগণ তাদের ভোটের মাধ্যমে বিএনপিকে প্রত্যাখ্যান করবে।
সমাবেশে আরও বক্তব্য দেন ঢাবি শাখা ছাত্রশিবিরের সেক্রেটারি আশিকুর রহমান। তিনি বলেন, নারী নিরাপত্তার প্রশ্নে তারা কোনো আপস করবে না এবং প্রয়োজনে জীবন দিতেও পিছপা হবে না। তিনি দাবি করেন, ছাত্র সংসদ নির্বাচনে নারী শিক্ষার্থীদের আস্থা শিবিরের প্রতি প্রতিফলিত হয়েছে।
এ সময় শাখা ছাত্রশিবিরের সাংগঠনিক সম্পাদক মু. সাজ্জাদ হোসাইন খান বলেন, টিআইবির এক প্রতিবেদনে উঠে এসেছে- গত দেড় বছরে সংঘটিত ৯১ শতাংশ অপরাধের সঙ্গে বিএনপি জড়িত। তিনি অভিযোগ করেন, এসব ঘটনা আড়াল করতে মিডিয়াকে নিয়ন্ত্রণের চেষ্টা করা হলেও জনগণের চোখ ফাঁকি দেওয়া সম্ভব নয়।
এর আগে সন্ধ্যা ৭টার দিকে ঢাবির ভিসি চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে রাজু ভাস্কর্যের পাদদেশে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।