ইবিতে চীনা ভাষা শিক্ষা ও কনফুসিয়াস ইনস্টিটিউট চালুর উদ্যোগ
মোসাদ্দেক হোসেন | প্রকাশিত: ৫ ফেব্রুয়ারী ২০২৬, ২৩:০৭
ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) চীনা ভাষা শিক্ষা কার্যক্রম চালু, কনফুসিয়াস ইনস্টিটিউট প্রতিষ্ঠা এবং শিক্ষক-শিক্ষার্থী বিনিময় সম্প্রসারণের লক্ষ্যে ঢাকায় অবস্থিত চীনা দূতাবাসের সঙ্গে বৈঠক করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ। বৈঠকে চলতি বছর থেকেই ক্যাম্পাসে চীনা ভাষার কোর্স চালুর বিষয়ে নীতিগত আলোচনা হয়েছে।
বুধবার (৫ ফেব্রুয়ারি) বিকেল ৩টায় ঢাকার গুলশানে চীনা দূতাবাসে এ বৈঠক অনুষ্ঠিত হয়। এতে ইসলামী বিশ্ববিদ্যালয়ে আনুষ্ঠানিকভাবে চীনা ভাষা শিক্ষা কার্যক্রম শুরু এবং শিক্ষার্থীদের জন্য উচ্চশিক্ষা ও প্রশিক্ষণের নতুন সুযোগ সৃষ্টির বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
বৈঠকে উপস্থিত ছিলেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ এবং চীনা দূতাবাসের কালচারাল কাউন্সেলর লি শাওপেং। এছাড়াও দূতাবাসের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা আলোচনায় অংশ নেন।
চীনা দূতাবাসের কালচারাল কাউন্সেলর লি শাওপেং বলেন, “ইসলামী বিশ্ববিদ্যালয়ে চীনা ভাষা শিক্ষা ও কনফুসিয়াস ইনস্টিটিউটের কার্যক্রম শুরু করার বিষয়ে আমরা অত্যন্ত ইতিবাচক। চলতি বছর থেকেই এসব কার্যক্রম শুরুর ব্যাপারে আশাবাদী। আগামী এপ্রিল মাসে আমাদের একটি প্রতিনিধিদল সরেজমিন পরিদর্শনের জন্য ইবি ক্যাম্পাস সফর করবে।”
উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেন, “এই উদ্যোগ ইসলামী বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক শিক্ষা ও গবেষণা সহযোগিতাকে আরও জোরদার করবে। এর মাধ্যমে আমাদের শিক্ষক ও শিক্ষার্থীরা চীনে গিয়ে উচ্চশিক্ষা, প্রশিক্ষণ ও একাডেমিক বিনিময় কর্মসূচিতে অংশ নেওয়ার সুযোগ পাবে।”
উল্লেখ্য, এর আগে গত ৬ থেকে ১১ জুলাই ২০২৫ পর্যন্ত উপাচার্য চীন সফর করেন এবং চীনের তিনটি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেন। চলতি বছরের শেষ নাগাদ ইসলামী বিশ্ববিদ্যালয়ে চীনা ভাষার সার্টিফিকেট কোর্স চালুর প্রস্তুতি নেওয়া হচ্ছে।
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।