শুক্রবার, ৬ ফেব্রুয়ারি ২০২৬, ২৪ মাঘ ১৪৩২

ইবিতে ছাত্রশিবিরের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য সাইকেল র‍্যালি ও সমাবেশ

ইবি প্রতিনিধি | প্রকাশিত: ৬ ফেব্রুয়ারী ২০২৬, ১৩:০২

ছবি: সংগৃহীত

কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য সাইকেল র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। র‍্যালি শেষে আয়োজিত সমাবেশে সংগঠনের নেতৃবৃন্দ দুর্নীতিমুক্ত ও ইনসাফভিত্তিক বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন এবং জাতীয় গণমাধ্যমের বর্তমান ভূমিকা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সকালে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক থেকে সাইকেল র‍্যালিটি শুরু হয়। র‍্যালিটি ক্যাম্পাস সংলগ্ন কুষ্টিয়া–ঝিনাইদহ মহাসড়কের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় প্রধান ফটকে এসে সমাবেশের মাধ্যমে শেষ হয়।

র‍্যালিতে উপস্থিত ছিলেন শাখা ছাত্রশিবিরের সভাপতি ইউসুব আলী, সেক্রেটারি রাশেদুল ইসলাম রাফি, সাংগঠনিক সম্পাদক জাকারিয়া হোসাইনসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

সমাবেশে সভাপতির বক্তব্যে ইউসুব আলী বলেন, “বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ১৯৭৭ সালে একটি নির্দিষ্ট লক্ষ্য নিয়ে প্রতিষ্ঠিত হয়। সেই লক্ষ্য হলো—একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়ার উদ্দেশ্যে সৎ, দক্ষ ও দেশপ্রেমিক নাগরিক তৈরি করা। আমরা এমন একটি বাংলাদেশ চাই যেখানে দুর্নীতি, হত্যা, রাহাজানি ও চাঁদাবাজির স্থান থাকবে না।”

তিনি আরও বলেন, “বর্তমান ক্যাম্পাস মিডিয়াগুলো ইতিবাচক ভূমিকা রাখলেও জাতীয় গণমাধ্যমের কিছু অংশ সত্য প্রকাশে পিছিয়ে পড়ছে। ভবিষ্যতে কোনো রাজনৈতিক শক্তিকে যেন মিডিয়া অযথা প্রভাবশালী করে না তোলে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।”

আগামী নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, “দেশে এমন নেতৃত্ব প্রয়োজন, যারা ইনসাফ প্রতিষ্ঠা ও মানুষের অধিকার রক্ষায় কাজ করবে। পাশাপাশি কর্মমুখী শিক্ষাব্যবস্থা চালুর ওপরও গুরুত্বারোপ করেন তিনি।”



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top