বৃহঃস্পতিবার, ১২ ফেব্রুয়ারি ২০২৬, ২৯ মাঘ ১৪৩২

নির্বাচনের আগে দায়িত্ব ছাড়ার কারন বললেন ঢাবি উপাচার্য

নিউজ ডেস্ক | প্রকাশিত: ১২ ফেব্রুয়ারী ২০২৬, ০০:৩৮

সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর আগ্রহ প্রকাশ করেছেন। তবে তিনি স্পষ্ট করেছেন, হঠাৎ করে কোনো প্রশাসনিক শূন্যতা বা অচলাবস্থা তৈরি হোক—এটি তিনি চান না। প্রয়োজন হলে নির্দিষ্ট সময় পর্যন্ত দায়িত্ব পালন করতেও প্রস্তুত আছেন।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) বেলা তিনটায় উপাচার্য কার্যালয় সংলগ্ন অধ্যাপক আব্দুল মতিন চৌধুরী ভার্চুয়াল ক্লাসরুমে আয়োজিত এক বিশেষ সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

নির্বাচনের আগে তার এমন ঘোষণা বিভিন্ন মহলে আলোচনার জন্ম দিয়েছে। এ বিষয়ে বুধবার (১১ ফেব্রুয়ারি) জানতে চাইলে উপাচার্য বলেন, নির্বাচনের আগে নিজের অবস্থান পরিষ্কার করতেই তিনি এ বক্তব্য দিয়েছেন। তিনি বলেন, “নির্বাচনের পর যদি সরে দাঁড়ানোর ঘোষণা দিতাম, তাহলে অনেকেই মনে করতে পারত নির্বাচিত দলের সঙ্গে আমার কোনো বিরোধ বা শত্রুতা রয়েছে। তাই আগে থেকেই বিষয়টি পরিষ্কার করেছি। এখন আমি আমার নিজ বিভাগে ফিরে যেতে চাই।”

এদিকে উপাচার্যের বক্তব্য নিয়ে কিছু গণমাধ্যমে বিভ্রান্তিকর খবর প্রকাশিত হয়েছে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর। মঙ্গলবার বিকেলে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, উপাচার্য তাৎক্ষণিকভাবে পদত্যাগ করছেন—এমন সংবাদ তার বক্তব্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। তিনি কেবল জাতীয় সংসদ নির্বাচনের পর দায়িত্ব ছাড়ার আগ্রহ প্রকাশ করেছেন।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top