ঢাবির ফজলুল হক মুসলিম হলের ৯ প্রাক্তন ছাত্র এখন সংসদ সদস্য

নিউজফ্ল্যাশ নিউজ | প্রকাশিত: ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৩৩

ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা বিশ্ববিদ্যালয়-এর ঐতিহ্যবাহী ফজলুল হক মুসলিম হল-এর ৯ জন প্রাক্তন শিক্ষার্থী সংসদ সদস্য (এমপি) হিসেবে নির্বাচিত হয়েছেন। বিষয়টি শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টের মাধ্যমে নিশ্চিত করেন হল সংসদের সাধারণ সম্পাদক (জিএস) ইমামুল হাসান।

পোস্টে তিনি উল্লেখ করেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬-এ হলটির ৯ জন প্রাক্তন শিক্ষার্থী বিজয়ী হয়েছেন। এর মধ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে সাতজন এবং বাংলাদেশ জামায়াতে ইসলামি থেকে দুইজন প্রার্থী নির্বাচিত হয়েছেন।

নিচে নির্বাচিত প্রতিনিধিদের তালিকা প্রদান করা হলো (আসন নম্বর এর ক্রমানুসারে সাজানো)-

অনিন্দ্য ইসলাম অমিত (৮৭-যশোর-০৩, বিএনপি); অ্যাডভোকেট গাজী এনামুল হক (৮৯-যশোর-০৫, জামায়াত); রকিবুল ইসলাম বকুল (১০১-খুলনা-০৩, বিএনপি); এস কে আজিজুল বারী (১০২-খুলনা-০৪, বিএনপি); মোহাম্মদ ইজ্জত উল্লাহ (১০৫-সাতক্ষীরা-০১, জামায়াত); মো. নুরুল ইসলাম (১১০-বরগুনা-০২, বিএনপি); খন্দকার আবু আশফাক (১৭৪-ঢাকা-০১, বিএনপি); ড, আবদুল মঈন খান (২০০-নরসিংদী-০২, বিএনপি) এবং আ ন ম এহছানুল হক মিলন (২৬০-চাঁদপুর-০১, বিএনপি)।

উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯৯ আসনের মধ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি ও তাদের জোটের প্রার্থীরা ২১২টি আসনে জয় পেয়েছেন। পাশাপাশি বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের প্রার্থীরা ৭৭টি আসনে জয়ী হয়েছেন। এ ছাড়াও অন্যান্য দলের প্রার্থীরা ৮টি আসনে জয় পেয়েছেন। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাতে ভোট গণনা শেষে আসনগুলোর বেসরকারি ফলাফল ঘোষণা করা হয়।

এ ছাড়া এবারের নির্বাচনে গণভোট পড়েছে ৬০ দশমিক ২৬ শতাংশ। ‘হ্যাঁ’ ভোট পড়েছে ৪ কোটি ৮০ লাখ ৭৪ হাজার ৪২৯টি। আর ‘না’ ভোট পড়েছে ২ কোটি ২৫ লাখ ৬৫ হাজার ৬২৭ টি।

এনএফ৭১/একে



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top