নোয়াখালীতে গৃহবধূকে ধর্ষণের ঘটনায় ইবি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের তীব্র প্রতিবাদ
ইবি প্রতিনিধি: | প্রকাশিত: ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ১৩:১৮
নোয়াখালীর হাতিয়ায় জাতীয় নাগরিক পার্টির শাপলা কলি প্রতীকে ভোট দেওয়াকে কেন্দ্র করে স্বামীকে বেঁধে রেখে এক গৃহবধূকে ধর্ষণের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। রোববার এক যৌথ বিবৃতিতে তারা এই ন্যক্কারজনক ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেছেন।
শাখা আন্দোলনের মুখপাত্র সাদীয়া মাহমুদ মীম স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, বিভিন্ন জাতীয় দৈনিকে প্রকাশিত সংবাদ অনুযায়ী ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিরা সাবেক আওয়ামী লীগ নেতা এবং বর্তমানে বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত বলে অভিযোগ উঠেছে।
বিবৃতিতে আন্দোলনের আহ্বায়ক এস এম সুইট ও সদস্য সচিব য়াশিরুল কবির সৌরভ বলেন, "২০২৪ সালের গণঅভ্যুত্থানের পরও যদি এ ধরনের ন্যক্কারজনক ও রাজনৈতিক প্রতিহিংসামূলক সহিংসতা সংঘটিত হয়, তবে তা জাতির জন্য অত্যন্ত লজ্জাজনক। ছাত্র-জনতা কোনোভাবেই এ ধরনের সন্ত্রাস, দমন-পীড়ন ও নারীর ওপর বর্বরতা বরদাস্ত করবে না।"
তারা আরও বলেন, গণতান্ত্রিক রাষ্ট্রে ভোট প্রদান একটি নাগরিকের সাংবিধানিক অধিকার। কোনো নির্দিষ্ট প্রতীকে ভোট দেওয়ার কারণে একজন নারীকে এভাবে নির্যাতনের ঘটনা মানবাধিকার ও আইনের শাসনের পরিপন্থী। নতুন সরকার গঠনের পর এই ঘটনার বিচার ও চলমান সহিংসতার নিরপেক্ষ তদন্ত নিশ্চিত করতে হবে।
এসময় তারা অভিযোগ করেন, আসন্ন সরকার গঠনকে কেন্দ্র করে বিএনপির কিছু নেতাকর্মী দেশব্যাপী ভিন্ন মতের ব্যক্তিদের ওপর হামলা ও ভয়ভীতি দেখাচ্ছে। "যদি এসব সত্য হয়, তবে তা গণতন্ত্রের জন্য অশনিসংকেত। বাংলাদেশে আর কোনো স্বৈরাচারী মানসিকতা বা রাজনৈতিক সন্ত্রাসের স্থান নেই।"
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।