বৃহঃস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩২

যুক্তরাষ্ট্রে ফুল-ফান্ডেড পিএইচডি স্কলারশিপ পেলেন ইবি শিক্ষার্থী এস এম মাহিম

ইবি প্রতিনিধি: | প্রকাশিত: ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৪১

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের Texas Tech University-এর মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগে ফুল-ফান্ডেড স্কলারশিপসহ পিএইচডি প্রোগ্রামে ভর্তির সুযোগ পেয়েছেন ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি)-এর শিক্ষার্থী এস এম মাহিম। ২০২৬ সেশনের জন্য তিনি এই সম্মানজনক স্কলারশিপ অর্জন করেছেন।

এস এম মাহিম Islamic University-এর বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০১৯–২০ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) শ্রেণির শিক্ষার্থী ছিলেন। তার এই অসামান্য সাফল্যে বিভাগটির শিক্ষক, সহপাঠী এবং সাধারণ শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক আনন্দ ও উচ্ছ্বাস বিরাজ করছে।

সাফল্যের অনুভূতি প্রকাশ করে এস এম মাহিম বলেন, “ফুল-ফান্ডেড পিএইচডি প্রোগ্রামে ভর্তি হওয়ার সুযোগ পাওয়া আমার জন্য অত্যন্ত আনন্দ ও গর্বের। এই অর্জন একান্তই আমার একার নয়; আমার পরিবার, শিক্ষকবৃন্দ এবং সহপাঠীদের অবিরাম সহযোগিতা ও দিকনির্দেশনার ফল। বিশেষ করে বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিং বিভাগের সম্মানিত শিক্ষকদের প্রতি আমি কৃতজ্ঞ, যাঁদের একাডেমিক দিকনির্দেশনা ও গবেষণামূলক উৎসাহ আমাকে উচ্চশিক্ষার পথে এগিয়ে যেতে অনুপ্রাণিত করেছে। সবার কাছে দোয়া কামনা করছি, যেন গবেষণার মাধ্যমে জ্ঞানচর্চা ও মানবকল্যাণে অবদান রাখতে পারি এবং দেশের সুনাম বয়ে আনতে সক্ষম হই।”

বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিং বিভাগের সভাপতি সহযোগী অধ্যাপক ড. মো. খাইরুল ইসলাম বলেন, “এস এম মাহিমের এই সাফল্য আমাদের বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিং বিভাগের জন্য অত্যন্ত গৌরবের। তার এই অর্জন প্রমাণ করে যে আমাদের বিভাগের শিক্ষার্থীরা আন্তর্জাতিক অঙ্গনেও নিজেদের যোগ্যতা তুলে ধরতে সক্ষম। আমরা বিশ্বাস করি, সে তার গবেষণার মাধ্যমে নতুন জ্ঞান সৃষ্টি করবে এবং ভবিষ্যতে দেশের উচ্চশিক্ষা ও গবেষণা খাতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে। বিভাগের পক্ষ থেকে তার জন্য আন্তরিক শুভকামনা রইল।”



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top