চাঁদা না পেয়ে আয়ুর্বেদিক চিকিৎসককে মারধর, যুবদলের ২ নেতা বহিষ্কার
নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ১৪:৫৩
বরিশালের বানারীপাড়া উপজেলায় চাঁদা না পেয়ে এক আয়ুর্বেদিক চিকিৎসককে মারধরের অভিযোগে ইউনিয়ন যুবদলের দুই নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।
রোববার (১৬ ফেব্রুয়ারি) যুবদলের কেন্দ্রীয় সহদপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়া স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তির সত্যতা নিশ্চিত করে বানারীপাড়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রিয়াজ মৃধা জানান, বহিষ্কৃত নেতারা হলেন বানারীপাড়া উপজেলার বাইশারী ইউনিয়ন যুবদলের সদস্যসচিব মাকসুদুর রহমান ডালিম এবং সিনিয়র যুগ্ম আহ্বায়ক রফিক মল্লিক।
বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় শৃঙ্খলাভঙ্গ, নীতি-আদর্শ ও দলীয় সংহতিবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তাঁদের যুবদলের প্রাথমিক সদস্যপদসহ সব পদ থেকে বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের আহ্বান জানানো হয়েছে।
জানা গেছে, সম্প্রতি বানারীপাড়া উপজেলার বাইশারী বাজারের আয়ুর্বেদিক চিকিৎসক বিভাস ঋষির কাছে চাঁদা দাবি করেন ওই দুই নেতা। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে গত শুক্রবার তাঁকে মারধর করা হয় বলে অভিযোগ ওঠে। ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়।
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।