সোমবার, ২ মার্চ ২০২৬, ১৮ ফাল্গুন ১৪৩২

সীতাকুণ্ডে গলাকাটা অবস্থায় শিশু উদ্ধার, ধর্ষণের আশঙ্কা

নিউজ ডেস্ক | প্রকাশিত: ২ মার্চ ২০২৬, ১৯:৪০

সংগৃহীত

চট্টগ্রামের সীতাকুণ্ডে রোববার (১ মার্চ) দুপুর ২টার দিকে স্থানীয় যুবকদের সহায়তায় গলাকাটা অবস্থায় এক কন্যা শিশুকে উদ্ধার করা হয়েছে। আহত শিশুটি ইরা (৭), কুমিরা ইউনিয়নের মাস্টার পাড়ার নুর ইসলামের কন্যা। সে মসজিদ্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্রী।

স্থানীয় যুবক রবিউল হাসান ও আরিফুল ইসলাম রনি জানান, ইকোপার্ক এলাকার প্রায় পাঁচ কিলোমিটার ওপরে সড়কের কাজ চলাকালে স্ক্যাভেটর চালক একটি রক্তাক্ত শিশুকে জঙ্গল থেকে রাস্তার দিকে হেঁটে আসতে দেখেন। পরে অন্যান্য শ্রমিকদের সহায়তায় শিশুটিকে উদ্ধার করা হয় এবং প্রথমে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় দ্রুত তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারে প্রেরণ করা হয়।

শিশুটির গলার অংশ কেটে ফেলা হয়েছে, এবং তার শরীরের পরিহিত জামার উপরের অংশ থাকলেও নিচের অংশ ছিল না। সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রাথমিক ধারণা অনুযায়ী, শিশুটি ধর্ষণের শিকার হয়েছে। পরীক্ষা-নিরীক্ষার পর এ বিষয়ে বিস্তারিত নিশ্চিত হওয়া যাবে।

সীতাকুণ্ড মডেল থানার ওসি মহিনুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে একটি টিম পাঠিয়েছে এবং বিষয়টি তদন্ত করা হচ্ছে। শিশুটি এখন চিকিৎসাধীন এবং সে ইশারার মাধ্যমে ঘটনা সম্পর্কে কিছু বোঝানোর চেষ্টা করছে।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top