সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩

মোদীর মতোই ঝালমুড়ি খেয়ে মদন মিত্রের নির্বাচনি প্রচারণা

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ২০ এপ্রিল ২০২৬, ১৮:৫০

ছবি: সংগৃহীত

পশ্চিমবঙ্গের ঝাড়গ্রামে নির্বাচনি প্রচারণায় এসে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ঝালমুড়ি খাওয়া নিয়ে রাজ্য রাজনীতিতে যখন তুমুল আলোচনা চলছে, তখনই পাল্টা প্রতিক্রিয়া জানিয়েছেন পশ্চিমবঙ্গের সাবেক মন্ত্রী ও উত্তর চব্বিশ পরগনার কামারহাটি বিধানসভার তৃণমূল কংগ্রেস প্রার্থী মদন মিত্র।

সোমবার (২০ এপ্রিল) উত্তর চব্বিশ পরগনার আগরপাড়া রেলওয়ে স্টেশনে বসে ঝালমুড়ি খেতে দেখা যায় মদন মিত্রকে। স্থানীয় এক ঝালমুড়ি বিক্রেতার কাছ থেকে ঝালমুড়ি কিনে নিজে খাওয়ার পাশাপাশি অন্যদেরও খাওয়ান তিনি। এ সময় সঙ্গে ছিলেন অভিনেত্রী শ্রীতমা ভট্টাচার্য।

ঝালমুড়ি খেতে খেতে মদন মিত্র বলেন, যতবার তিনি এখানে আসবেন ততই তা আমাদের জন্য আশীর্বাদ। কেউ দোকানে গিয়ে নাটক করলে, আমরা পরের দিন থেকে ঝালমুড়ি খেতে খেতে তার জবাব দেব। এরপর তিনি মোদীর দেওয়া বিভিন্ন প্রতিশ্রুতি নিয়ে প্রশ্ন তোলেন।

তিনি অভিযোগ করেন, মোদী যে প্রতিশ্রুতি দিয়েছেন দুই কোটি চাকরি, পনেরো লক্ষ টাকা নগদ এবং তিন হাজার টাকা করে সহায়তা এসবই মিথ্যা প্রতিশ্রুতি। তার দাবি, মমতা ব্যানার্জীর নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস কখনোই মিথ্যা প্রতিশ্রুতি দেয় না।

এরপর নরেন্দ্র মোদীকে উদ্দেশ করে কঠোর সমালোচনা করে মদন মিত্র বলেন, তিনি মারীচ রাক্ষসের মতো সন্ন্যাসীর বেশে এখানে এসেছেন। এ ধরনের ভণ্ডামি বন্ধ হওয়া উচিত। মানুষকে বুঝতে হবে এটি একটি নাটক ছাড়া কিছু নয়।

তিনি আরও অভিযোগ করেন, মোদী বাঙালিকে অপমান করেন। তার উদাহরণ হিসেবে তিনি রবীন্দ্রনাথ ও বঙ্কিমচন্দ্রকে নিয়ে করা মন্তব্যের প্রসঙ্গ টানেন। শেষে তিনি বলেন, এটি প্রতীকী প্রতিবাদ ছিল এবং ভবিষ্যতেও এমন প্রতিবাদ চলবে।

এনএফ৭১/একে



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top