মঙ্গলবার, ৩ মার্চ ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২

মুহূর্তেই ছাই বসতঘর

ফুলগাজী উপজেলাে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ

মিজানুর রহমান | প্রকাশিত: ৩ মার্চ ২০২৬, ১১:৫৪

ফুলগাজী উপজেলাে গ্যাস সিলিন্ডার বিস্ফোরর্ণছ। বি: সংগৃহীত

নন্দপুর ইউনিয়নে ভয়াবহ অগ্নিকাণ্ডে একটি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। লাকড়ির চুলার আগুন থেকে সৃষ্ট এ ঘটনায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হলে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে।

সোমবার (২ মার্চ) দুপুর আনুমানিক ১২টার দিকে ইসলামপুর গ্রামে জাফর মজুমদারের বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র জানায়, রান্নাঘরে ব্যবহৃত লাকড়ির চুলা থেকে আগুনের উৎপত্তি হয়। মুহূর্তেই সেই আগুন পাশে থাকা গ্যাস সিলিন্ডারে ছড়িয়ে পড়ে। পরে বিকট শব্দে সিলিন্ডার বিস্ফোরিত হলে টিনশেড ঘরটিতে দাউদাউ করে আগুন জ্বলে ওঠে।

খবর পেয়ে ফুলগাজী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ততক্ষণে ঘরের ভেতরে থাকা বছরের মজুত করা ধান, চাল, ডালসহ নিত্যপ্রয়োজনীয় আসবাবপত্র ও মালামাল পুড়ে যায়।

ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্য আলমগীর মজুমদার আবেগাপ্লুত কণ্ঠে বলেন,“আমাদের সারা বছরের খাবার মজুত ছিল ঘরে। মাত্র এক ঘণ্টার ব্যবধানে সব শেষ হয়ে গেল। এখন আমরা খোলা আকাশের নিচে দাঁড়িয়ে আছি।”

ফুলগাজী ফায়ার সার্ভিসের ইন্সপেক্টর তারিকুল ইসলাম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে অসাবধানতাবশত লাকড়ির চুলার আগুন থেকেই এই দুর্ঘটনার সূত্রপাত।
তিনি বলেন, “রান্নাঘরে গ্যাস সিলিন্ডার ব্যবহারের ক্ষেত্রে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা জরুরি। আগুন লাগলে দ্রুত ফায়ার সার্ভিসকে খবর দিলে ক্ষয়ক্ষতি কমানো সম্ভব।”

তিনি আরও জানান, ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ তদন্ত সাপেক্ষে নিশ্চিত করা হবে।

অগ্নিকাণ্ডে পরিবারটি বর্তমানে চরম দুর্দশায় রয়েছে। স্থানীয় জনপ্রতিনিধি ও সমাজের বিত্তবানদের প্রতি ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়িয়ে দ্রুত মানবিক সহায়তা প্রদানের আহ্বান জানিয়েছেন গ্রামবাসী।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top