মঙ্গলবার, ৩ মার্চ ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২

স্থানীয় সরকার নির্বাচনে অংশ নেবে এনসিপি: চট্টগ্রামে নাহিদ ইসলামের ঘোষণা

চট্টগ্রাম প্রতিনিধি | প্রকাশিত: ৩ মার্চ ২০২৬, ১১:৫৭

ছবি: সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) স্থানীয় সরকার নির্বাচনে অংশ নেবে বলে ঘোষণা দিয়েছেন দলের আহ্বায়ক ও সংসদ সদস্য নাহিদ ইসলাম। তিনি জানান, নির্বাচনকে সামনে রেখে নেতাকর্মীদের এখন থেকেই প্রস্তুতি নিতে হবে। একই সঙ্গে দুর্নীতি ও আধিপত্যবাদের বিরুদ্ধে দলের লড়াই অব্যাহত থাকবে বলেও মন্তব্য করেন তিনি।

সোমবার (২ মার্চ) সন্ধ্যায় নগরের The King of Chittagong-এ আয়োজিত এনসিপির চট্টগ্রাম বিভাগীয় ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন নাহিদ ইসলাম।

নাহিদ ইসলাম অভিযোগ করেন, জুলাই সনদ ও গণভোটের গণরায়ের ভিত্তিতে গঠিত সরকারকে প্রশ্নবিদ্ধ করতে আদালতকে ব্যবহার করার চেষ্টা চলছে। আদালতকে দলীয়করণের অপচেষ্টা করা হলে তার পরিণতি ভালো হবে না বলে হুঁশিয়ারি দেন তিনি। অতীতে বাংলাদেশ আওয়ামী লীগ একই পথ অনুসরণ করে নিজেদের পতনের সূচনা করেছিল বলেও মন্তব্য করেন তিনি।

দলের নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, চাঁদাবাজি, দখলদারিত্ব ও সন্ত্রাসের বিরুদ্ধে কঠোর অবস্থান নিতে হবে। জনগণ—বিশেষ করে ছোট ও মধ্যবিত্ত ব্যবসায়ী এবং শ্রমজীবী মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান তিনি। পাশাপাশি দেশের স্বার্থবিরোধী যে কোনো পরাশক্তির বিরুদ্ধে সংগ্রাম অব্যাহত থাকবে বলেও জানান।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন দলের সদস্য সচিব আখতার হোসেন এমপি, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ এমপি এবং মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটোয়ারী

ইফতার মাহফিলে চট্টগ্রাম বিভাগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top