বুধবার, ৪ মার্চ ২০২৬, ২০ ফাল্গুন ১৪৩২

ভূমি অফিস পরিদর্শনে গিয়ে কর্মকর্তাদের অনুপস্থিতি দেখলেন প্রতিমন্ত্রী

নারায়ণগঞ্জ প্রতিনিধি | প্রকাশিত: ৪ মার্চ ২০২৬, ১২:০৫

সিদ্ধিরগঞ্জ ইউনিয়ন ভূমি অফিসের সামনে বসে আছেন ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার কায়সার কামাল। ছবি : সংগৃহীত

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ এলাকায় অবস্থিত সিদ্ধিরগঞ্জ ইউনিয়ন ভূমি অফিস-এ আকস্মিক পরিদর্শনে গিয়ে চরম অব্যবস্থাপনার চিত্র দেখতে পান ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার কায়সার কামাল।

বুধবার (৪ মার্চ) সকাল ৯টা ১০ মিনিটে তিনি ওই কার্যালয়ে পৌঁছান। সরেজমিনে গিয়ে দেখা যায়, দায়িত্বপ্রাপ্ত কোনো কর্মকর্তাই তখন কর্মস্থলে উপস্থিত ছিলেন না। নির্ধারিত অফিস সময় পার হলেও গুরুত্বপূর্ণ দায়িত্বশীল কাউকে না পেয়ে প্রতিমন্ত্রী অসন্তোষ প্রকাশ করেন।

প্রায় ৩০ মিনিট অফিসের বারান্দায় বসে কর্মকর্তাদের জন্য অপেক্ষা করেন তিনি। এ সময় উপস্থিত গণমাধ্যমকর্মীদের সামনে এ ঘটনাকে ‘অত্যন্ত অনাকাঙ্ক্ষিত’ বলে মন্তব্য করেন প্রতিমন্ত্রী।

তিনি স্পষ্ট ভাষায় হুঁশিয়ারি দিয়ে বলেন, রাষ্ট্রীয় দায়িত্বে অবহেলা ও জনগণের সেবায় বিঘ্ন ঘটালে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে। মাঠ পর্যায়ের কর্মকর্তাদের এমন উদাসীনতা সরকারের জনসেবামূলক কার্যক্রমকে প্রশ্নবিদ্ধ করে বলেও উল্লেখ করেন তিনি।

প্রতিমন্ত্রী আরও বলেন, বর্তমান সরকার জনগণের ভোটে নির্বাচিত এবং জনগণের সেবায় দায়বদ্ধ। সরকারি দপ্তরে কোনো ধরনের অনিয়ম, দুর্নীতি বা দায়িত্বহীনতা কোনোভাবেই সহ্য করা হবে না।

এ ঘটনায় সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাদের বিরুদ্ধে কী ধরনের ব্যবস্থা নেওয়া হবে, সে বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত জানানো হবে বলে জানা গেছে।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top