বুধবার, ৪ মার্চ ২০২৬, ২০ ফাল্গুন ১৪৩২

লালমনিরহাটে র‍্যাব-১৩ এর অভিযানে গাঁজাসহ গ্রেফতার ১

লালমনিরহাট প্রতিনিধি | প্রকাশিত: ৪ মার্চ ২০২৬, ১৪:৩৭

লালমনিরহাটে র‍্যাব-১৩ এর অভিযানে ৫৭.১ কেজি গাঁজাসহ গ্রেফতার ১  মোঃ জুবাইর আহমেদ খান রোহান, লালমনিরহাট  লালমনিরহাটে মাদকবিরোধী বিশেষ অভিযানে ৫৭ দশমিক ১ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেছবি: সংগৃহীত

লালমনিরহাটে মাদকবিরোধী বিশেষ অভিযানে ৫৭ দশমিক ১ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-১৩)।

র‍্যাব সূত্রে জানা গেছে, “বাংলাদেশ আমার অহংকার” মূলমন্ত্র ধারণ করে এলিট ফোর্স র‍্যাব সর্বগ্রাসী মাদকের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় বুধবার (০৪ মার্চ) সকালে র‍্যাব-১৩, সদর কোম্পানি, রংপুরের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে লালমনিরহাট সদর থানাধীন কুলাঘাট ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের বোয়ালমারী গ্রামে অভিযান পরিচালনা করে।

অভিযানে আশাদুল হক (৪৬) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে বসতবাড়ির পাশের ফসলি জমিতে মাটির নিচে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ৫৭.১ কেজি গাঁজা উদ্ধার করা হয়। গ্রেফতার আশাদুল হক বোয়ালমারী গ্রামের বাসিন্দা।

র‍্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি একজন পেশাদার মাদক ব্যবসায়ী বলে তথ্য পাওয়া গেছে। তার বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে। দীর্ঘদিন ধরে তিনি বিভিন্ন স্থান থেকে গাঁজা সংগ্রহ করে দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিলেন বলেও অভিযোগ রয়েছে।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরের প্রক্রিয়া শেষে গ্রেফতার আসামি ও জব্দকৃত আলামত লালমনিরহাট সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

র‍্যাব-১৩ জানিয়েছে, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে তাদের গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত থাকবে।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top