প্রেমের টানে ফেনীতে ফিলিপাইনের তরুণী, আট বছরের সম্পর্কের পর বিয়ে

ফেনী প্রতিনিধি | প্রকাশিত: ৫ মার্চ ২০২৬, ১১:৪২

ছবি: সংগৃহীত

ভালোবাসার কোনো সীমানা নেই- এই কথাটিই যেন আবারও সত্য প্রমাণ করলেন ফিলিপাইনের তরুণী জেনি। প্রেমের টানে সুদূর ফিলিপাইন থেকে বাংলাদেশে এসে ফেনীর এক যুবকের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন তিনি।

বুধবার রাতে ফেনী শহরের কেন্দ্রীয় কালী মন্দিরে সনাতন ধর্মীয় রীতি অনুযায়ী জেনি ও সুজন পালের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

নবদম্পতি ও পারিবারিক সূত্রে জানা যায়, বর সুজন পাল (৩৪) নোয়াখালীর কবিরহাট উপজেলার দরাপনগর গ্রামের হিরলাল পালের ছেলে। কাজের সূত্রে তিনি মধ্যপ্রাচ্যের দেশ কাতারে থাকতেন। সেখানে দুই হাজার আঠারো সালে ফিলিপাইনের তরুণী জেনির (৩২) সঙ্গে তার পরিচয় হয়। প্রথমে পরিচয়, এরপর বন্ধুত্ব এবং ধীরে ধীরে সেই সম্পর্ক গভীর প্রেমে রূপ নেয়।

দীর্ঘ আট বছরের সম্পর্কের পর তারা একসঙ্গে নতুন জীবন শুরু করার সিদ্ধান্ত নেন। সেই সিদ্ধান্তের অংশ হিসেবেই বিয়ের জন্য জেনি বাংলাদেশে আসেন। পরে বুধবার রাতে ফেনীর কালী মন্দিরে জাঁকজমক আয়োজনের মধ্য দিয়ে তাদের বিয়ে সম্পন্ন হয়।

জেনি জানান, দীর্ঘদিনের সম্পর্কের পূর্ণতা পাওয়ায় তিনি খুবই আনন্দিত। বাংলাদেশে এসে তিনি বেশ ভালো অনুভব করছেন। এখানকার মানুষ, পরিবেশ ও আতিথেয়তা তার কাছে অত্যন্ত ভালো লেগেছে বলেও জানান তিনি।

বর সুজন পাল বলেন, দীর্ঘ আট বছরের সম্পর্কের পর অবশেষে তারা এক হয়েছেন। এই মুহূর্তে তিনি খুবই আনন্দিত এবং নতুন জীবনের জন্য সবার আশীর্বাদ কামনা করেন।

বিয়ে পরিচালনাকারী পুরোহিত নিমাই চন্দ্র চক্রবর্তী জানান, একে অপরকে ভালোবেসেই তারা বিয়ের সিদ্ধান্ত নিয়েছেন। উভয় পরিবারের সম্মতিতে সনাতন ধর্মীয় রীতি মেনে তাদের বিয়ে সম্পন্ন হয়েছে। অনুষ্ঠানে সুজনের পরিবারের সদস্যরা উপস্থিত থেকে নবদম্পতিকে আশীর্বাদ করেন।

এনএফ৭১/একে



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top