বৃহঃস্পতিবার, ৫ মার্চ ২০২৬, ২১ ফাল্গুন ১৪৩২

বন্যপ্রাণী শিকার করায় স্বামীকে তালাক দিলেন স্ত্রী

বরগুনা প্রতিনিধি | প্রকাশিত: ৫ মার্চ ২০২৬, ১৫:১০

ছবি: সংগৃহীত

বরগুনার পাথরঘাটায় বন্যপ্রাণী নিধনের অভিযোগে গ্রেপ্তার হওয়া স্বামীকে তালাক দিয়েছেন এক স্ত্রী। বন্যপ্রাণী শিকারের মতো গুরুতর অপরাধে জড়িয়ে পড়ায় ক্ষুব্ধ হয়ে স্বামী মো. হানিফ (৪৫)-এর সঙ্গে দাম্পত্য সম্পর্ক ছিন্ন করেন স্ত্রী শাহীনুর বেগম (৪০)।

মঙ্গলবার (৩ মার্চ) দুপুরে শাহীনুর বেগম স্বামীর কাছে তালাকের নোটিশ পাঠান। এর আগে সোমবার রাতে দুটি জবাই করা হরিণসহ হানিফকে গ্রেপ্তার করে বনরক্ষীরা।

জানা যায়, সোমবার রাতে পাথরঘাটা সদর ইউনিয়নের বাদুরতলা খাল এলাকায় বনরক্ষীরা হঠাৎ অভিযান চালান। এ সময় একটি ট্রলার তল্লাশি করে দুটি জবাই করা হরিণ ও নয়টি বিশেষ ফাঁদসহ মো. হানিফকে হাতেনাতে আটক করা হয়। তিনি পাথরঘাটা সদর ইউনিয়নের হাঁড়িটানা গ্রামের বাসিন্দা হলেও দীর্ঘদিন ধরে পৌর শহরের সাত নম্বর ওয়ার্ডে বসবাস করে আসছিলেন।

গ্রেপ্তারের পর তাকে পাথরঘাটা জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতে হাজির করা হলে বিচারক মো. পনির শেখ এক বছরের বিনাশ্রম কারাদণ্ড এবং পঞ্চাশ হাজার টাকা জরিমানা করেন। জরিমানার অর্থ পরিশোধ না করলে আরও এক মাস কারাদণ্ড ভোগ করার নির্দেশ দেওয়া হয়েছে।

এদিকে আদালতের নির্দেশে জব্দ করা হরিণের চামড়া ও শিং সরকারি ব্যবস্থাপনায় সংরক্ষণ করা হয়েছে। আর মাংস কেরোসিন মিশিয়ে মাটিচাপা দেওয়া হয়েছে।

হানিফের স্ত্রী শাহীনুর বেগম জানান, আগে তার স্বামী সাগরে মাছ ধরতেন। তবে সম্প্রতি তিনি অসাধু উপায়ে হরিণ শিকারের সঙ্গে জড়িয়ে পড়েন। পরিবারের পক্ষ থেকে বারবার নিষেধ করা হলেও তিনি তা উপেক্ষা করেন।

শাহীনুরের ছোট ভাই জহিরুল ইসলাম বন বিভাগের পাথরঘাটা সদর বিট কার্যালয়ে মালির দায়িত্ব পালন করেন। তিনি বলেন, হানিফের এই অবৈধ কর্মকাণ্ডের কারণে বন বিভাগে কাজ করা তার জন্য কঠিন হয়ে উঠছিল। তাই বিষয়টি নিয়ে পরিবারেও চরম অসন্তোষ তৈরি হয়েছিল।

এনএফ৭১/একে



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top