শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ২৯ ফাল্গুন ১৪৩২

রামপালের সড়ক দুর্ঘটনায় নিহত নববধূ মিতুসহ তিনজনের দাফন সম্পন্ন

বাগেরহাট প্রতিনিধি | প্রকাশিত: ১৩ মার্চ ২০২৬, ১৪:৪১

ছবি: সংগৃহীত

বাগেরহাটের রামপাল উপজেলার সড়ক দুর্ঘটনায় নিহত নববধূ মারজিয়া আক্তার মিতু, তার বোন লামিয়া ও দাদি রাশিদা বেগমের জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে।

শুক্রবার সকাল সাড়ে নয়টায় খুলনার কয়রার নাকশা গ্রামের বাড়ির পাশে মাঠে জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। পরে পারিবারিক কবরস্থানে তাদের দাফন করা হয়।

স্থানীয়রা জানায়, সালামের মা রাশিদা বেগম, মেয়ে মিতু ও ছোট মেয়ে লামিয়ার মরদেহ গ্রামের বাড়িতে আনার পর সকালে জানাজার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে তাদের সমাহিত করা হয়। শোকের ছায়া নেমে এসেছে পুরো গ্রামে। কনের নানির মরদেহও গ্রামে দাফনের জন্য পাঠানো হয়েছে। গ্রামের মানুষ বলেন, এমন মর্মান্তিক দুর্ঘটনা এই প্রথম। যেখানে আনন্দ উৎসবের কথা থাকলেও সেখানে শোকে স্তব্ধ মানুষ। আব্দুস সালাম মাঝে মাঝে মূর্ছা যাচ্ছেন। মানুষ কান্নায় ভেঙে পড়েছেন। সবাই নিহতদের জন্য দোয়া করছেন।

জানা গেছে, গত বুধবার রাতে খুলনার কয়রা উপজেলার নাকশা গ্রামের আবদুস সালাম মোড়লের মেয়ে মারজিয়া আক্তারের (মিতু) সঙ্গে বিয়ে হয় মোংলা পৌরসভার ৮নং ওয়ার্ড বিএনপির সভাপতি আবদুর রাজ্জাকের ছোট ছেলে আহাদুর রহমানের। বিয়ের পর বর-কনেসহ দুই পরিবারের সদস্যরা মাইক্রোবাসে ফিরছিলেন। এরপর রামপাল উপজেলার বেলাইবিজ এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাইক্রোবাসের চালকসহ ১৪ জন নিহত হন।

মাইক্রোবাসে ছিলেন মিতু, তার বোন লামিয়া, দাদি রাশিদা বেগম ও নানি আনোয়ারা বেগম। বরের পরিবারের ৯ জনের মরদেহ মোংলায় নেওয়া হয়েছে, যেখানে তাদের দাফনের অপেক্ষা রয়েছে।

এনএফ৭১/একে



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top