ঢাকা–দিল্লি সম্পর্ক স্বাভাবিক করতে পূর্ণাঙ্গ ভিসা চালুর উদ্যোগ
নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ২ মে ২০২৬, ১৮:৩৯
ঢাকা ও দিল্লি কয়েক মাসের অস্থিরতা কাটিয়ে দ্বিপক্ষীয় সম্পর্ক স্বাভাবিক করার লক্ষ্যে পূর্ণাঙ্গ ভিসা পরিষেবা পুনরায় চালুর উদ্যোগ নিয়েছে। প্রথম ধাপ হিসেবে উভয় দেশই ভিসা কার্যক্রম ধীরে ধীরে স্বাভাবিক করার পথে এগোচ্ছে।
ভারতীয় সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, বাংলাদেশ ইতোমধ্যে সব ধরনের ক্যাটাগরিতে ভারতীয় নাগরিকদের ভিসা প্রদান শুরু করেছে। অন্যদিকে ভারতও আগামী কয়েক সপ্তাহের মধ্যে তাদের ভিসা কার্যক্রম পর্যায়ক্রমে স্বাভাবিক করার পরিকল্পনা নিয়েছে।
সম্প্রতি বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান ভারত সফর করেন। ওই সফরে ভিসা কার্যক্রম স্বাভাবিক করাকে ঢাকা সরকারের অন্যতম প্রধান অগ্রাধিকার হিসেবে তুলে ধরা হয়।
বর্তমানে নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনসহ কলকাতা, আগরতলা, মুম্বাই ও চেন্নাইয়ের ভিসা কেন্দ্রগুলো পূর্ণাঙ্গভাবে কার্যক্রম চালিয়ে যাচ্ছে।
ভারতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহ জানান, গত বছরের ডিসেম্বর মাসে সাময়িকভাবে বন্ধ থাকা ভিসা কার্যক্রম চলতি বছরের ফেব্রুয়ারি থেকে আবার শুরু হয়। এ সময় প্রায় ১৩ হাজার ভারতীয় নাগরিককে ব্যবসা, পর্যটন, চিকিৎসা ও পারিবারিক ভ্রমণসহ বিভিন্ন ক্যাটাগরিতে ভিসা প্রদান করা হয়েছে।
দুই দেশের সম্পর্ক পুনরুদ্ধারের অংশ হিসেবে গত ফেব্রুয়ারিতে ভারতের লোকসভার স্পিকার ওম বিড়লার নেতৃত্বে পররাষ্ট্র সচিবসহ একটি প্রতিনিধিদল ঢাকা সফর করে বিভিন্ন পর্যায়ের বৈঠকে অংশ নেয়।
বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক রাজনৈতিক পরিবর্তন ও পারস্পরিক উত্তেজনার পর ঢাকা–দিল্লি সম্পর্ক পুনরায় স্বাভাবিক করার প্রচেষ্টা দুই দেশের কূটনৈতিক সম্পর্ককে নতুন গতি দিতে পারে।
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।