ঈদে বাড়ি ফেরার পথে বগুড়ায় সড়ক দুর্ঘটনায় ভাই–বোনসহ নিহত ৩
বগুড়া প্রতিনিধি | প্রকাশিত: ১৮ মার্চ ২০২৬, ১৪:০৯
ঈদে বাড়ি ফেরার পথে বগুড়ার শেরপুরে মাইক্রোবাস দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। এতে অন্তত দশজন আহত হয়েছেন। আজ বুধবার সকাল সাড়ে সাতটার দিকে শেরপুর উপজেলার ছোনকা এলাকায় ঢাকা–বগুড়া মহাসড়কে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন রংপুরের কাউনিয়া উপজেলার তালুক শাহাবাজ গ্রামের মমিনুল ইসলাম (৫৫), তার বোন শিউলি বেগম (৪৫) এবং একই এলাকার শহিদুল ইসলামের মেয়ে কিশোরী মোছা তায়েবা (১৫)।
প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা থেকে রংপুরগামী মাইক্রোবাসটিতে চালকসহ ১৪–১৫ জন ছিলেন। দ্রুত গতিতে চলার সময় চালক নিয়ন্ত্রণ হারালে গাড়িটি সড়কের বিভাজকে আঘাত করে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই একজন নিহত হন। পরে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পর আরও দুজনের মৃত্যু হয়।
দুর্ঘটনায় মাইক্রোবাসটির সামনের অংশ দুমড়েমুচড়ে যায়। আহতদের স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে পাঠান।
শেরপুর ফায়ার সার্ভিসের কর্মকর্তা বখতিয়ার উদ্দিন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে একজনকে মৃত ও চারজনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করা হয়। আহতদের বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়, সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুজন মারা যান।
শেরপুর হাইওয়ে পুলিশের উপপরিদর্শক নূর হোসেন বলেন, মাইক্রোবাসে থাকা যাত্রীরা ঢাকা থেকে রংপুর যাচ্ছিলেন। চালকের বেপরোয়া গতির কারণে দুর্ঘটনা ঘটেছে। চালক পরে ঘটনাস্থল থেকে পালিয়ে যান। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।
এনএফ৭১/একে
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।