নরসিংদীর রায়পুরা উপজেলায় নিখোঁজের একদিন পর প্রতিবেশীর নির্মাণাধীন ভবনের ছাদ থেকে আব্দুর রহমান (আব্দুল্লাহ) (৬) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রোববার (১৫ মার্চ) সকালে উপজেলার চর মরজাল দক্ষিণপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত শিশু ওই এলাকার প্রবাসী শুক্কর আলীর ছেলে।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, শনিবার (১৪ মার্চ) দুপুরের পর থেকে শিশু আব্দুর রহমান নিখোঁজ ছিল। তাকে খুঁজে পেতে এলাকায় মাইকিং করা হয় এবং সামাজিক যোগাযোগমাধ্যমেও সন্ধান চাওয়া হয়। তবে দিন পার হয়ে রাত হলেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি। পরে নিখোঁজ সন্তানের খোঁজে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন তার বাবা।
রোববার সকালে প্রতিবেশী ইদ্রিস মিয়ার নির্মাণাধীন একটি ভবনের ছাদে পানি দিতে গিয়ে তার স্ত্রী ছাদের এক কোণে একটি শিশুর মরদেহ পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে নিহতের মা সুমি বেগম সেখানে গিয়ে মরদেহটি তার সন্তানের বলে শনাক্ত করেন।
রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রবীর কুমার ঘোষ জানান, মৃত্যুর রহস্য উদঘাটনে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আলামত সংগ্রহ করেছে এবং তদন্ত শুরু হয়েছে।
নিহতের মা সুমি বেগম বলেন, “আমার সন্তান গতকাল থেকে নিখোঁজ ছিল। কোথাও খুঁজে না পেয়ে থানায় জিডি করি। আজ সকালে প্রতিবেশীর ছাদে তার মরদেহ পাওয়া গেছে।” তবে কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে সে বিষয়ে তিনি কোনো ধারণা দিতে পারেননি।
রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মজিবুর রহমান জানান, শিশুটির মরদেহ উদ্ধারের প্রক্রিয়া চলছে। প্রাথমিকভাবে শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি এবং মৃত্যুর কারণও নিশ্চিত হওয়া যায়নি। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে। ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত অব্যাহত রয়েছে।
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।