বুধবার, ১৮ মার্চ ২০২৬, ৪ চৈত্র ১৪৩২

নেশার টাকা না পেয়ে বিধবা মায়ের বসতঘরে আগুন দিলেন ছেলে

গোপালগঞ্জ প্রতিনিধি | প্রকাশিত: ১৮ মার্চ ২০২৬, ১৫:০৩

ছবি: সংগৃহীত

মাদক সেবনের টাকা না পেয়ে বিধবা মাকে ঘর থেকে বের করে বসতঘরে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে এক মাদকাসক্ত ছেলের বিরুদ্ধে। মুহূর্তের মধ্যেই আগুনে পুড়ে যায় অসহায় মায়ের মাথা গোঁজার শেষ সম্বল।

বুধবার ভোরে গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার হিরণ গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার দক্ষিণ হিরণ গ্রামের মৃত শাহ আলম শেখের ছেলে শহিদুল ইসলাম দীর্ঘদিন ধরে মাদকাসক্ত। ঘটনার রাতে সে তার মা হেনয়ারা বেগমের কাছে মাদক সেবনের জন্য টাকা দাবি করে। টাকা দিতে অস্বীকৃতি জানালে ভোরের দিকে মাকে ঘর থেকে বের করে দিয়ে বসতঘরে আগুন ধরিয়ে পালিয়ে যায়।

এ সময় আশপাশের লোকজন আগুন নেভাতে এগিয়ে এলেও তার আগেই পুরো ঘরটি পুড়ে ছাই হয়ে যায়।

স্থানীয় বাসিন্দা ইসমাইল হোসেন বলেন, অভিযুক্ত ছেলে প্রায়ই মাদকের টাকার জন্য মায়ের সঙ্গে খারাপ আচরণ করত। বিভিন্ন সময় ঘরবাড়ি ভাঙচুরও করেছে। ঘটনার রাতেও টাকা না পেয়ে সে এমন ঘটনা ঘটিয়েছে।

ভুক্তভোগী মা হেনয়ারা বেগম জানান, তার ছেলে দীর্ঘদিন ধরে মাদকাসক্ত এবং প্রায়ই টাকার জন্য তাকে মারধর করত। ভয়ে তিনি অনেক সময় পালিয়ে থাকতেন। সেদিনও টাকা দিতে না পারায় তাকে ঘর থেকে বের করে দিয়ে আগুন দেওয়া হয়।

কান্নাজড়িত কণ্ঠে তিনি বলেন, বড় ছেলে কাজের জন্য ভারতে গিয়ে প্রায় ১০ বছর ধরে নিখোঁজ। ছয় মাস আগে স্বামী সড়ক দুর্ঘটনায় মারা গেছেন। এখন ছোট ছেলে মাদকাসক্ত- সব হারিয়ে তিনি কীভাবে বাঁচবেন, তা নিয়েই দুশ্চিন্তায় রয়েছেন।

এ বিষয়ে কোটালীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রিয়াদ মাহমুদ বলেন, এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এনএফ৭১/একে



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top