ঘুরতে নিয়ে গিয়ে ধর্ষণ, মুমূর্ষু অবস্থায় বাড়ির সামনে ফেলে পালাল সহপাঠী
চাঁদপুর প্রতিনিধি | প্রকাশিত: ২৪ মার্চ ২০২৬, ১৪:৪০
চাঁদপুরের ফরিদগঞ্জে এক কলেজছাত্রীকে ঘুরতে নিয়ে গিয়ে ধর্ষণের পর মুমূর্ষু অবস্থায় বাড়ির সামনে ফেলে রেখে পালানোর অভিযোগ উঠেছে তার সহপাঠীর বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত তুহিন হোসেন ওরফে সালমানকে (২০) গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার তাকে চাঁদপুর আদালতে পাঠানো হয়েছে।
রোববার উপজেলার গুপ্টি পূর্ব ইউনিয়নে এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, গ্রেপ্তার তুহিন হোসেন ওরফে সালমান একটি কলেজের শিক্ষার্থী। তিনি গুপ্টি পশ্চিম ইউনিয়নের হামছাপুর গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে।
অভিযোগ অনুযায়ী, স্থানীয় কলেজের ওই শিক্ষার্থী রোববার সকালে সহপাঠীর সঙ্গে ঘুরতে বের হন। একপর্যায়ে অভিযুক্ত কৌশলে তাকে পাশের একটি নির্জন স্থানে নিয়ে গিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। এতে ভুক্তভোগী গুরুতর অসুস্থ হয়ে পড়েন এবং তার রক্তক্ষরণ শুরু হয়। পরে সন্ধ্যার দিকে তাকে বাড়ির সামনে ফেলে রেখে পালিয়ে যায় অভিযুক্ত।
পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে প্রথমে চাঁদপুর সদর হাসপাতালে ভর্তি করেন। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
ঘটনার পর ভুক্তভোগীর পরিবার থানায় মামলা দায়ের করলে পুলিশ তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে অভিযুক্তকে গ্রেপ্তার করে।
ফরিদগঞ্জ থানার তদন্ত কর্মকর্তা মোহাম্মদ এমদাদুল হক জানান, কলেজছাত্রী ধর্ষণের অভিযোগে অভিযুক্তকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। ভুক্তভোগী বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন এবং তার অবস্থা আশঙ্কাজনক।
এনএফ৭১/একে
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।