কুমিল্লায় ট্রেন দুর্ঘটনায় ৩ তদন্ত কমিটি গঠন, দুই গেটম্যান বরখাস্ত
কুমিল্লা প্রতিনিধি | প্রকাশিত: ২২ মার্চ ২০২৬, ১২:১৮
কুমিল্লার পদুয়ার বাজারে ঘটে যাওয়া বাস-ট্রেন সংঘর্ষে ১২ জন নিহত হওয়ার ঘটনায় তিনটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। দুর্ঘটনায় দায়ী হিসেবে হেলাল ও মেহেদী হাসান নামে দুই গেটম্যানকে বরখাস্ত করা হয়েছে।
রোববার (২২ মার্চ) সকালে রেলওয়ের চট্টগ্রাম বিভাগের বিভাগীয় ব্যবস্থাপক মোস্তাফিজুর রহমান এ তথ্য জানান।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, শনিবার (২১ মার্চ) রাত ৩টার দিকে ঢাকা মেইল ট্রেনটি চট্টগ্রাম থেকে ঢাকা যাচ্ছিল। এ সময় মামুন স্পেশাল পরিবহন নামের বাসটি চাঁপাইনবাবগঞ্জ থেকে নোয়াখালীর দিকে যাচ্ছিল। ট্রেন বাসটিকে প্রায় আধ কিলোমিটার আগে ধাক্কা মারে।
খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নিহতদের উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। দুর্ঘটনার ঘটনায় ট্রেনের যাত্রী ও স্থানীয়রা অভিযোগ করেছেন, রেলগেটের সিগন্যাল ম্যানের অবহেলার কারণে এ দুর্ঘটনা ঘটেছে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মো. ইদ্রিস জানান, পদুয়ার বাজার রেলক্রসিংয়ে সিগন্যাল না থাকার কারণে বাসটি রেললাইনে উঠে যাওয়ায় দুর্ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
রেলওয়ে কর্তৃপক্ষ দুটি আলাদা তদন্ত কমিটি গঠন করেছে। রেলওয়ের চট্টগ্রাম বিভাগের বিভাগীয় ব্যবস্থাপক মোস্তাফিজুর রহমান জানান, এক কমিটিতে ৬ জন করে মোট ১২ জনকে সদস্য করা হয়েছে, যাদের মধ্যে রয়েছেন ডিটিও, ডেন-১, ডিএসটিই, ডিএমই (লোকো), ডিএমও এবং কমান্ড্যান্ট (আরএনবি)।
অপর কমিটিতে সিওপিএস, সিই, সিএমই, সিএমও, সিএসটিই ও সিসিকে (আরএনবি) রাখা হয়েছে। এছাড়া কুমিল্লা জেলা প্রশাসককে প্রধান করে আরও একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
কুমিল্লা ইপিজেড ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, রাত ৩টার দিকে আমরা দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল থেকে হতাহতদের উদ্ধার করেছি।
কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. অজয় ভৌমিক জানান, এ পর্যন্ত হাসপাতালে ১২ জনের মরদেহ পাওয়া গেছে। এর মধ্যে দুজনের পরিচয় নিশ্চিত হয়েছে, তবে অন্য ১০ জনের পরিচয় এখনো জানা যায়নি।
এনএফ৭১/একে
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।