বগুড়া-৬ আসনের উপনির্বাচন ঘিরে উন্মাদনা,নিরাপত্তায় কঠোর ব্যবস্থা
নিউজ ডেস্ক | প্রকাশিত: ৮ এপ্রিল ২০২৬, ১৪:৫২
বগুড়া-৬ (সদর) আসন উপনির্বাচনকে সামনে রেখে এখন জমে উঠেছে নির্বাচনী পরিবেশ। রাত পোহালেই শুরু হবে বহুল প্রতীক্ষিত ভোটগ্রহণ। এ উপলক্ষে আজ বুধবার সকাল ১১টা থেকে শহরের সেন্ট্রাল স্কুল মাঠ থেকে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে ব্যালট পেপারসহ সব নির্বাচনী সরঞ্জাম বিতরণ শুরু হয়েছে।
এর আগে তারেক রহমান ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এই আসন থেকে ২ লাখ ১৬ হাজার ২৮৪ ভোট পেয়ে বড় ব্যবধানে জয়ী হন। তবে একাধিক আসনে বিজয়ী হওয়ায় নিয়ম অনুযায়ী তিনি এই আসন ছেড়ে দেন, যার ফলে উপনির্বাচনের প্রয়োজন হয়।
প্রায় ৪ লাখ ৫০ হাজার ৩০৭ জন ভোটারের এই আসনে মূল প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন বিএনপির রেজাউল করিম বাদশা, জামায়াতের আবিদুর রহমান সোহেল এবং বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির আল আমিন তালুকদার।
অবাধ ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে পুরো উপজেলাজুড়ে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। ২ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ও ১৮ জন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে প্রায় দেড় হাজার পুলিশ ও ২ হাজার আনসার সদস্য মাঠে থাকবেন। পাশাপাশি ডগ স্কোয়াডসহ ৮ প্লাটুন বিজিবি, ১০ প্লাটুন র্যাব এবং সেনাবাহিনীর বিশেষ স্ট্রাইকিং ফোর্স মোতায়েন করা হয়েছে।
সহকারী রিটার্নিং কর্মকর্তা জায়েদ ইবনে আবুল ফজল জানিয়েছেন, কোনো ধরনের অনিয়ম বা বিশৃঙ্খলা বরদাশত করা হবে না এবং ভোটাররা নির্বিঘ্নে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।