সোমবার, ৬ এপ্রিল ২০২৬, ২৩ চৈত্র ১৪৩২

বহিষ্কারের পর ছাত্রদল নেতা বললেন, ‘আমি ট্রান্সজেন্ডার নই’

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি | প্রকাশিত: ৬ এপ্রিল ২০২৬, ১৭:০০

ছবি: সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় সৈয়দাবাদ আদর্শ মহাবিদ্যালয় শাখা ছাত্রদলের এক নেতাকে ব্যক্তিগত ও জেন্ডার সংক্রান্ত তথ্য গোপনের অভিযোগে বহিষ্কার করা হয়েছে। তবে বহিষ্কৃত রেদোয়ান ইসলাম দাবি করেছেন, তিনি ট্রান্সজেন্ডার নন এবং তার পরিচয় সম্পূর্ণ পুরুষ।

জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মামুন খানের স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রেদোয়ান ইসলামকে ব্যক্তিগত তথ্য গোপন এবং সংগঠনের শৃঙ্খলাভঙ্গের অভিযোগে প্রাথমিক সদস্যসহ সব পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। এই সিদ্ধান্ত অনুমোদন করেছেন জেলা আহ্বায়ক শাহিনুর রহমান ও সদস্য সচিব সমীর চক্রবর্তী।

রোববার রাতে ‘রিহিয়া রিহি’ নামের একটি ফেসবুক আইডি থেকে রেদোয়ান ইসলাম পোস্ট করে জানান, তিনি একজন সংস্কৃতিকর্মী এবং দীর্ঘদিন ধরে সাংস্কৃতিক কার্যক্রমের সঙ্গে যুক্ত। তিনি আরও লেখেন, ‘যাচাই-বাছাই ছাড়া কোনো তথ্য বিশ্বাস বা প্রচার না করতে, কারণ ভুল ধারণা একজন মানুষের সম্মানহানি করতে পারে।’

রেদোয়ানের বাবা জাহাঙ্গীর আলম সংবাদমাধ্যমকে বলেন, ‘বিষয়টি সম্পূর্ণ গুজব। রেদোয়ান কিছু ভিডিও তৈরি করেছিলো, যা সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। সম্প্রতি এসবের জন্য সে ক্ষমা চেয়েছে। ছেলে থেকে মেয়েতে রূপান্তরের যে খবর ছড়ানো হয়েছে, তা সঠিক নয়।’

জেলা ছাত্রদল সূত্রে জানা গেছে, গত শুক্রবার কলেজ শাখা ছাত্রদলের একটি পাঁচ সদস্যের কমিটি গঠন করা হয়, যা পরে ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটিতে রূপান্তরিত হয়। তবে সদস্য তালিকা প্রকাশের পর রেদোয়ান ইসলাকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে বিতর্ক শুরু হয়।

জেলা ছাত্রদলের সদস্যসচিব সমীর চক্রবর্তী বলেন, ‘পূর্ণাঙ্গ কমিটি গঠনের আগে জীবনবৃত্তান্ত সংগ্রহ করা হয়েছিল। রেদোয়ান পূর্বে নিজের জীবনবৃত্তান্তে পুরুষ বলে উল্লেখ করেছিলেন। কিন্তু কমিটি ঘোষণার পর জানা যায়, লিঙ্গ পরিবর্তনের গুজব ছড়ানো হয়েছে। তথ্য গোপনের কারণে তাকে দল থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।’

এনএফ৭১/একে



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top