মায়ের কবরের পাশে দাঁড়িয়ে পরীক্ষার ফল জানাল দুই শিশু,ভাইরাল ভিডিওতে আবেগঘন দৃশ্য
নিউজ ডেস্ক | প্রকাশিত: ১৩ এপ্রিল ২০২৬, ১৭:৫৮
পরীক্ষার ফল হাতে পেয়ে মাকে প্রথমে দেখানোর সেই চিরচেনা আনন্দ— সন্তানদের কাছে যা এক গভীর অনুভূতি। কিন্তু মা যদি আর বেঁচে না থাকেন, তখনও কি সেই টান থামে? এমনই এক আবেগঘন দৃশ্য ছড়িয়ে পড়েছে সামাজিক মাধ্যমে, যা নেটিজেনদের হৃদয় ছুঁয়ে গেছে।
ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, দুই ছোট্ট শিশু একটি কবরস্থানে গিয়ে দাঁড়িয়ে আছে। তাদের হাতে স্কুল থেকে পাওয়া হলুদ রঙের মার্কশিট। ভিডিওতে তাদের একটি নির্দিষ্ট কবরের পাশে গিয়ে দাঁড়িয়ে পরীক্ষার ফল জানাতে দেখা যায়, যেন তারা তাদের মায়ের সঙ্গেই কথা বলছে।
শিশু দু’জনকে ‘মা, মা’ বলে ডেকে উঠতে এবং নীরবে প্রার্থনা করতেও দেখা যায়। ভিডিওটির দাবি অনুযায়ী, ওই কবরেই তাদের মা শায়িত আছেন। জীবদ্দশায় মাকে ফলাফল দেখাতে না পারার কষ্ট থেকেই তারা সেখানে গিয়ে সেই অভাব পূরণ করার চেষ্টা করে।
ভিডিওটি ‘মহম্মদ_সরওয়াত_খান’ নামের একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে শেয়ার করা হয়েছে এবং দ্রুতই তা সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। অসংখ্য মানুষ ভিডিওটি দেখে আবেগপ্রবণ মন্তব্য করেছেন।
তবে ভিডিওটির সত্যতা স্বাধীনভাবে যাচাই করা যায়নি। এটি কোথায় বা কখন ধারণ করা হয়েছে, সে সম্পর্কেও নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।
তবু সত্য হোক বা না হোক, এই দৃশ্য অনেকের কাছেই মা–সন্তানের গভীর ভালোবাসা ও আবেগের এক নীরব প্রতিচ্ছবি হয়ে উঠেছে। কেউ বলেছেন, এটি দেখে চোখে জল চলে এসেছে; আবার কেউ মন্তব্য করেছেন, মায়ের শূন্যতা কখনোই পূরণ হয় না।
সূত্র: আনন্দবাজার
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।