মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ভাবনার সিনেমা

বিনোদন ডেস্ক | প্রকাশিত: ১৩ এপ্রিল ২০২৬, ১৭:১৭

সংগৃহীত

৪৮তম মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ‘আর্টকোর’ বিভাগে আনুষ্ঠানিকভাবে নির্বাচিত হয়েছে অভিনেত্রী আশনা হাবিব ভাবনা অভিনীত সিনেমা ‘কিং ইন দ্য ল্যান্ড অব দ্য প্রিন্সেস’। বিষয়টি নিশ্চিত করেছেন অভিনেত্রী নিজেই।

নির্মাতা আসিফ ইসলামের পরিচালনায় নির্মিত সিনেমাটি আগামী ১৬ এপ্রিল শুরু হওয়া এই উৎসবে প্রতিযোগিতা বিভাগের বাইরে ‘আর্টকোর’ সেকশনে প্রদর্শিত হবে। একই বিভাগে আরও কয়েকটি দেশের চলচ্চিত্র অংশ নেবে, যেখানে ভিন্নধর্মী গল্প আন্তর্জাতিক দর্শকদের সামনে উপস্থাপন করা হবে।

সিনেমাটির কাহিনি মূলত বাংলার ঐতিহ্যবাহী যাত্রাপালার পরিবর্তিত বাস্তবতা ও তার ধীরে ধীরে অবক্ষয়ের গল্পকে কেন্দ্র করে নির্মিত। এতে ‘প্রিন্সেস রোজি’ চরিত্রে অভিনয় করেছেন আশনা হাবিব ভাবনা। এছাড়া বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন অরবিন্দু মজুমদার, মাহমুদ আলম, এ কে আজাদ সেতু, জান্নাতুল বাকের খান, সালাউদ্দিন শেখসহ মহাশঙ্কর অপেরা যাত্রাদলের শিল্পীরা।

নির্মাতা আসিফ ইসলাম শৈশব থেকেই যাত্রাপালার সঙ্গে যুক্ত থাকায় এই শিল্পমাধ্যমের পরিবর্তিত রূপ নিয়ে কাজ করার অনুপ্রেরণা পান। ২০১৮ সালে একটি যাত্রাপালা দেখার অভিজ্ঞতা থেকেই তিনি সিনেমাটি নির্মাণের ভাবনা শুরু করেন।

চলচ্চিত্রে দেখানো হয়েছে কীভাবে সময়ের সঙ্গে সঙ্গে গল্পনির্ভর যাত্রা ধীরে ধীরে দর্শক টানতে গিয়ে গ্ল্যামারনির্ভর বিনোদনে রূপ নেয়। সেখানে ‘প্রিন্সেস’ নামের এক নৃত্যশিল্পীর উত্থানের মধ্য দিয়ে মূল গল্প ও অভিনয়ের জায়গা কীভাবে বদলে যায়, সেটিও তুলে ধরা হয়েছে।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top