শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩

স্বামীর কাছ থেকে গৃহবধূকে ছিনিয়ে নিয়ে গণধর্ষণ, গেপ্তার ৩

সারাদেশ ডেস্ক | প্রকাশিত: ১৭ এপ্রিল ২০২৬, ১৮:০৩

প্রতীকী ছবি

কুমিল্লার হোমনায় স্বামীর কাছ থেকে জোরপূর্বক ছিনিয়ে নিয়ে এক গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে এলাকায় তীব্র ক্ষোভ ও নিন্দার ঝড় উঠেছে। ঘটনাটিকে সচেতন মহল মধ্যযুগীয় বর্বরতার সঙ্গে তুলনা করছেন এবং জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়েছে।

গত বুধবার রাত পৌর এলাকার কৃষি কলেজের অদূরে এ ঘটনা ঘটে বলে জানা গেছে। এ ঘটনায় শুক্রবার তিনজনকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করেছে পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলেন কামাল হোসেন (২২), শরীফুল ইসলাম (২৩) ও সিয়াম (২০)।

জানা যায়, ভুক্তভোগী নারী তার স্বামীর সঙ্গে হোমনা সদরে ভাড়া বাসায় থাকতেন। বুধবার রাত সাড়ে ৯টার দিকে তারা একটি অটোরিকশায় করে তিতাস উপজেলায় বাবার বাড়ির উদ্দেশে রওনা দেন। পথে কৃষি কলেজ এলাকায় পৌঁছালে ওপারচর গ্রামের আশিকুর রহমান (২৪) ও তার ৬ থেকে ৭ জন সহযোগী দুইটি মোটরসাইকেলে তাদের পথরোধ করেন।

অভিযুক্তরা পরে জোরপূর্বক দম্পতিকে নির্জন একটি ইটের রাস্তায় নিয়ে যায়। সেখানে আশিকুর রহমান ও তার দুই সহযোগী ওই গৃহবধূকে স্বামীর কাছ থেকে আলাদা করে নিয়ে যায় এবং অন্যরা স্বামী ও অটোরিকশা চালককে দূরে সরিয়ে রাখে। এরপর আশিকুর রহমান ওই নারীকে ধর্ষণ করে বলে অভিযোগ পাওয়া গেছে।

এ ঘটনায় পুরো হোমনা এলাকায় ব্যাপক প্রতিক্রিয়া দেখা দিয়েছে। স্থানীয় সচেতন মহল ঘটনাটিকে চরম বর্বরতা হিসেবে আখ্যা দিয়ে দ্রুত বিচার দাবি করেছেন।

নারী নেত্রী আলেয়া বেগম বলেন, এটি সভ্য সমাজে অগ্রহণযোগ্য একটি নৃশংস ঘটনা। স্বামীর সামনে এমন ঘটনা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। জড়িতদের দ্রুত শাস্তির আওতায় আনতে হবে।

কুমিল্লা এইডের নির্বাহী পরিচালক রোকেয়া বেগম শেফালী বলেন, এটি অত্যন্ত জঘন্য ও কল্পনাতীত ঘটনা। জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে কঠোর শাস্তি নিশ্চিত করতে হবে।

তদন্ত কর্মকর্তা ও হোমনা থানার উপপরিদর্শক আনিস উদ্দিন জানান, এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। অন্যদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, মূল অভিযুক্ত আশিকুর রহমান ও তার সহযোগীরা এ ঘটনার সঙ্গে জড়িত। ভুক্তভোগীর সঙ্গে কথা বলে ঘটনার সত্যতা সম্পর্কে জানা গেছে। গ্রেপ্তারকৃতদের মধ্যে কেউ কেউ প্রাথমিকভাবে তথ্য দিয়েছে। মূল অভিযুক্তকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

তিনি আরও জানান, ভুক্তভোগীর স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন করা হয়েছে।

এনএফ৭১/একে



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top