শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩

জ্বালানি সংকটে ভোগান্তি: পাম্পে তেল নেওয়ায় অগ্রাধিকার চায় পুলিশ

নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ১৭ এপ্রিল ২০২৬, ১৯:১৩

ছবি: সংগৃহীত

সারা দেশে দায়িত্ব পালনের সময় জ্বালানি সংকট ও দীর্ঘ লাইনের কারণে চরম ভোগান্তিতে পড়ছেন পুলিশ সদস্যরা। এই পরিস্থিতিতে জ্বালানি পাম্পে তাদের জন্য পৃথক লাইন চালু করে অগ্রাধিকার ভিত্তিতে তেল সরবরাহের দাবি জানিয়েছে বাংলাদেশ পুলিশ অ্যাসোসিয়েশন।

সংগঠনটির দাবি, এ ব্যবস্থা চালু হলে জরুরি অভিযান, টহল এবং আইন-শৃঙ্খলা রক্ষার কাজে গতি আসবে। একই সঙ্গে জনসেবাও আরও কার্যকরভাবে নিশ্চিত করা সম্ভব হবে।

শুক্রবার (১৭ এপ্রিল) পুলিশ মহাপরিদর্শক বরাবর দেওয়া এক চিঠিতে এ দাবি জানানো হয়। এতে স্বাক্ষর করেন অ্যাসোসিয়েশনের সভাপতি কামরুল হাসান তালুকদার ও সাধারণ সম্পাদক মনিরুল হক ভাবলু।

চিঠিতে উল্লেখ করা হয়, আইন-শৃঙ্খলা রক্ষা, জননিরাপত্তা নিশ্চিতকরণ, অপরাধ দমন, মামলা তদন্ত, আসামি গ্রেপ্তার, জরুরি অভিযান, গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিরাপত্তা, ট্রাফিক নিয়ন্ত্রণসহ নানা গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনে দিনরাত কাজ করে যাচ্ছে পুলিশ। এসব দায়িত্ব পালনের ক্ষেত্রে অনেক সময় ব্যক্তিগত মোটরসাইকেল, সরকারি যানবাহন কিংবা ভাড়া করা যানবাহন ব্যবহার করে দ্রুত ঘটনাস্থলে যেতে হয়।

কিন্তু বর্তমান বাস্তবতায় দেখা যাচ্ছে, দেশের বিভিন্ন জ্বালানি পাম্পে তেল নিতে সাধারণ মানুষের দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হচ্ছে পুলিশ সদস্যদের। এতে তাদের মূল্যবান কর্মঘণ্টা নষ্ট হচ্ছে এবং জরুরি সেবাদান ব্যাহত হচ্ছে।

চিঠিতে আরও বলা হয়, আসামি ধরতে অভিযান, টহল, ঘটনার তদন্তে দ্রুত উপস্থিতি কিংবা দুর্ঘটনা ও দুর্যোগে তাৎক্ষণিক সাড়া দেওয়ার মতো গুরুত্বপূর্ণ কাজে বিলম্ব ঘটছে। এমনকি অনেক সময় জরুরি প্রয়োজনেও লাইনের বাইরে গিয়ে তেল নিতে গেলে অপ্রীতিকর পরিস্থিতি, জনঅসন্তোষ এবং ভ্রাম্যমাণ আদালতের জরিমানার মুখেও পড়তে হচ্ছে তাদের।

এ অবস্থায় জনস্বার্থে দেশের সব সরকারি ও বেসরকারি জ্বালানি পাম্পে দায়িত্বপ্রাপ্ত পুলিশ সদস্যদের জন্য পরিচয়পত্র প্রদর্শনের মাধ্যমে আলাদা লাইন বা বিশেষ বুথে অগ্রাধিকার ভিত্তিতে তেল সরবরাহের ব্যবস্থা নেওয়ার জন্য কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করা হয়েছে।

পুলিশ অ্যাসোসিয়েশনের মতে, এ উদ্যোগ বাস্তবায়িত হলে পুলিশ সদস্যরা উপকৃত হবেন এবং জনগণ আরও দ্রুত ও কার্যকর সেবা পাবে।

এনএফ৭১/একে



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top