বৃহঃস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩

নির্মাণাধীন ভবনের লিফটের গর্তে ফেলে কলেজছাত্রকে হত্যা,গ্রেফতার ১

নিউজ ডেস্ক | প্রকাশিত: ১৬ এপ্রিল ২০২৬, ১৫:৩১

সংগৃহীত

চট্টগ্রাম নগরের চকবাজার থানার ডিসি রোড এলাকায় নির্মাণাধীন একটি ভবনের আটতলা থেকে লিফটের ফাঁকা গর্তে ফেলে আশফাক কবির সাজিদ (একাদশ শ্রেণির ছাত্র) নামে এক কলেজছাত্রকে হত্যার অভিযোগ উঠেছে।

মঙ্গলবার (১৪ এপ্রিল) রাতে নিহতের বাবা আবুল হাশেম সিকদার চকবাজার থানায় সাতজনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। এর আগে গত রোববার রাতে মৌসুমি আবাসিক এলাকার একটি নির্মাণাধীন ভবনে এ ঘটনা ঘটে।

নিহত আশফাক কবির বিএএফ শাহীন কলেজের শিক্ষার্থী ছিলেন। তিনি কক্সবাজারের চকরিয়া উপজেলার বাসিন্দা হলেও নগরের বাকলিয়া ডিসি রোড কবরস্থানের পাশে ভাড়া বাসায় থাকতেন।

পুলিশ জানিয়েছে, এ ঘটনায় ভবনের নিরাপত্তাকর্মী এনামুল হককে গ্রেপ্তার করা হয়েছে। বাকিদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।

মামলার এজাহারে বলা হয়, ১২ এপ্রিল বিকেলে বন্ধু ফারদিন হাসানের ফোন পেয়ে আশফাককে বাকলিয়া এক্সেস রোডের মৌসুমি আবাসিক এলাকায় ডেকে নেওয়া হয়। সেখানে পৌঁছালে আইমন, অনিক, রানা, মাইকেল, ইলিয়াস, এনায়েত উল্লাহ ও মিসকাতুল কায়েসসহ কয়েকজন তাকে ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে তুলে নিয়ে যায়।

পরে হামলাকারীদের হাত থেকে বাঁচতে আশফাক পাশের একটি নির্মাণাধীন ভবনে ঢুকে আটতলায় উঠে যান এবং গেট বন্ধ করেন। কিন্তু হামলাকারীরা গেটে ধাক্কা দিলে নিরাপত্তাকর্মী এনামুল হক গেট খুলে দেন। এরপর তারা ওপরে উঠে তাকে মারধর করে এবং একপর্যায়ে লিফটের ফাঁকা গর্তে ফেলে দেয় বলে অভিযোগে উল্লেখ করা হয়।

গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

চকবাজার থানার ওসি বাবুল আজাদ জানান, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তে অভিযান চলছে এবং হত্যার পেছনের কারণ উদ্‌ঘাটনে তদন্ত অব্যাহত রয়েছে। প্রাথমিকভাবে কিশোর গ্যাং সংশ্লিষ্টতার বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top