নওগাঁ ও টেকনাফে পৃথক নৃশংস ঘটনায় শিশুসহ ৭ জন নিহত
নিউজ ডেস্ক | প্রকাশিত: ২১ এপ্রিল ২০২৬, ১৪:০৪
নওগাঁর নিয়ামতপুর ও কক্সবাজারের টেকনাফে পৃথক দুটি ভয়াবহ হত্যাকাণ্ডে শিশুসহ মোট সাতজন নিহত হয়েছেন। সোমবার (২০ এপ্রিল) রাত থেকে মঙ্গলবার সকালে এসব মর্মান্তিক ঘটনা ঘটে। ঘটনায় দুটি এলাকায়ই চরম আতঙ্ক ও উত্তেজনা বিরাজ করছে।
নওগাঁর নিয়ামতপুরে একই পরিবারের চারজনকে হত্যা
নওগাঁর নিয়ামতপুর উপজেলার বাহাদুরপুর গ্রামে গরু ব্যবসায়ী হাবিবুর রহমান (৩৫), তার স্ত্রী পপি খাতুন (৩০), ছেলে পারভেজ হোসেন (১০) এবং তিন বছরের মেয়ে সাদিয়া খাতুনকে নিজ বাড়িতে নির্মমভাবে হত্যা করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, হাবিবুর রহমান গরু বিক্রি করে প্রায় ২ লাখ ৮০ হাজার টাকা নিয়ে বাড়ি ফেরার কয়েক ঘণ্টার মধ্যেই এ ঘটনা ঘটে। ধারণা করা হচ্ছে, ওই টাকা ও স্বর্ণালঙ্কার লুটের উদ্দেশ্যেই দুর্বৃত্তরা গভীর রাতে বাড়িতে প্রবেশ করে। পরে দম্পতিকে গলা কেটে এবং শিশুদের মাথায় আঘাত করে হত্যা করা হয়। সকালে পরিবারের এক সদস্য রক্ত দেখে ঘটনাটি টের পান।
পুলিশ বলছে, এটি ডাকাতির ঘটনা হতে পারে এবং পরিচয় প্রকাশ হয়ে যাওয়ার আশঙ্কায় পুরো পরিবারকে হত্যা করা হয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
টেকনাফে পাহাড় থেকে তিনজনের গলাকাটা মরদেহ উদ্ধার
অন্যদিকে কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের শীলখালী পাহাড়ি এলাকা থেকে তিন যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
নিহতরা হলেন রবি আলম, মুজিব উল্লাহ ও নুরুল বশর। তারা স্থানীয় বাসিন্দা। পুলিশ ও স্থানীয়দের তথ্য অনুযায়ী, তারা একটি চিহ্নিত অপহরণ ও মানবপাচার চক্রের সঙ্গে জড়িত ছিল বলে অভিযোগ রয়েছে।
স্থানীয়দের ধারণা, আধিপত্য বা অভ্যন্তরীণ বিরোধের জেরেই এ হত্যাকাণ্ড ঘটতে পারে। তবে বিষয়টি নিশ্চিত হতে তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।