তিন জেলায় অভিযানে জব্দ বিপুল ভোজ্য ও জ্বালানি তেল
নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ২০ এপ্রিল ২০২৬, ০৯:০২
দেশের তিন জেলায় পৃথক অভিযানে অবৈধভাবে মজুদ করে রাখা বিপুল পরিমাণ ভোজ্যতেল ও জ্বালানি তেল জব্দ করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও প্রশাসন। এসব ঘটনায় একজনকে আটক এবং এক ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি ও অতিরিক্ত মুনাফা ঠেকাতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
লক্ষ্মীপুরের রামগতিতে প্রায় ৪ হাজার ৮০০ লিটার ডিজেল অবৈধভাবে মজুদ করে বেশি দামে বিক্রির অভিযোগে মো. সাইফুল ইসলাম শাকিল (২৮) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।
রোববার (১৯ এপ্রিল) ভোর থেকে দুপুর পর্যন্ত উপজেলার ব্রিজঘাটসহ আশপাশ এলাকায় অভিযান চালিয়ে ২৪টি ড্রামে রাখা ডিজেল উদ্ধার করে জব্দ করা হয়।
জেলার অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ-প্রশাসন) হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী জানান, অবৈধ মজুদ ও অতিরিক্ত দামে বিক্রির অভিযোগে তাকে আটক করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
মাদারীপুরের ডাসার উপজেলায় ভোজ্যতেল মজুদ করে বাজারে কৃত্রিম সংকট তৈরির অভিযোগে এক ব্যবসায়ীকে ৪০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
রোববার বিকেলে বালিগ্রাম ইউনিয়নের ধুয়াশার বাজার এলাকায় র্যাবের সহায়তায় অভিযান চালিয়ে বাচ্চু সরদারের গুদাম থেকে ৩৭ হাজার বোতল সয়াবিন তেল জব্দ করা হয়।
অভিযানের নেতৃত্বে থাকা সহকারী পরিচালক সুচন্দ মন্ডল জানান, অধিক মুনাফার আশায় এসব তেল অবৈধভাবে মজুদ করা হয়েছিল। জব্দকৃত তেল দ্রুত বাজারে ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে এবং এ বিষয়ে মুচলেকা নেওয়া হয়েছে।
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে জেলা প্রশাসনের অভিযানে অবৈধভাবে মজুদ করা জ্বালানি উদ্ধার করা হয়েছে।
রোববার গোদনাইল বার্মাস্ট্যান্ড এলাকায় পরিচালিত অভিযানে ১ হাজার ৫০ লিটার ডিজেল ও প্রায় ৭০ লিটার অকটেন জব্দ করা হয়।
জেলা প্রশাসনের সহকারী কমিশনার মো. তারিকুল ইসলাম জানান, অবৈধ জ্বালানি মজুদ ও বিক্রির বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। জব্দকৃত জ্বালানি পদ্মা ডিপোর পরিচালন কর্মকর্তার কাছে হস্তান্তর করা হয়েছে।
প্রশাসন জানায়, ডিপোকে কেন্দ্র করে এলাকায় অবৈধ জ্বালানি মজুদের অভিযোগের ভিত্তিতেই এ অভিযান পরিচালনা করা হয়।
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।