মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩

গ্যাস নিয়ে নতুন নির্দেশনা দিল সরকার

নিউজ ডেস্ক | প্রকাশিত: ২১ এপ্রিল ২০২৬, ১৪:৪৯

সংগৃহীত

গ্যাস সরবরাহ ব্যবস্থাকে আরও গ্রাহকবান্ধব ও সহজ করার লক্ষ্যে নতুন নির্দেশনা জারি করেছে সরকার।

মঙ্গলবার (২১ এপ্রিল) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন প্রকাশ করা হয়। এতে বলা হয়, দেশের ক্রমবর্ধমান গ্যাস চাহিদা বিবেচনায় নিয়ে বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলা এবং আন্তর্জাতিক চর্চা পর্যালোচনা করে সেবাকে আরও সহজ ও কার্যকর করার উদ্যোগ নেওয়া হয়েছে।

নতুন নির্দেশনায় বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত অন্তর্ভুক্ত করা হয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো—গ্যাস সরঞ্জামের অনুমোদিত ঘণ্টাপ্রতি লোড অপরিবর্তিত রেখে সরঞ্জাম পুনর্বিন্যাস বা প্রতিস্থাপন করলে তা সংশ্লিষ্ট গ্যাস কোম্পানির তালিকাভুক্ত ঠিকাদারের মাধ্যমে কমিশনিং সম্পন্ন করা যাবে এবং এর জন্য আলাদা অনুমতি লাগবে না।

এছাড়া একই আঙিনায় অবস্থিত ও একই মালিকানাধীন শিল্প ইউনিটের অব্যবহৃত গ্যাস লোড নির্ধারিত কর্তৃপক্ষের অনুমোদন সাপেক্ষে অন্য ইউনিটে স্থানান্তরের সুযোগ রাখা হয়েছে। তবে শিল্প শ্রেণির লোড ক্যাপটিভ পাওয়ারে স্থানান্তর করা যাবে না, যদিও ক্যাপটিভ পাওয়ার লোড শিল্প শ্রেণিতে স্থানান্তরের অনুমতি থাকবে।

অন্যদিকে মিটার স্থাপনের ক্ষেত্রে গ্যাস বিতরণ ও বিপণন কোম্পানিগুলোকে সর্বোচ্চ ৭ দিনের মধ্যে স্থাপন শেষে গুণগত মান যাচাই সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে।

সরকারের মতে, এসব পদক্ষেপের মাধ্যমে গ্যাস খাতে সেবা দ্রুত, সহজ এবং আরও স্বচ্ছ হবে।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top